ফেব্রুয়ারিতে যদি জাতীয় নির্বাচন নাও হয়, তবুও জুলাই সনদ বাস্তবায়নই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
বুধবার ২৯ অক্টোবর, সকালে মগবাজারের কেন্দ্রীয় জামায়াতের কার্যালয়ে কমনওয়েলথের ইলেকটোরাল সাপোর্ট শাখা ও সংস্থাটির প্রি-ইলেকশন অ্যাসেসমেন্ট শাখার প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
ডা. তাহের বলেন, জাতীয় নির্বাচনের পরিবেশ নিয়ে জামায়াতের প্রত্যাশা কমনওয়েলথকে জানিয়েছেন তারা। নির্বাচনে বিদেশি প্রতিনিধি আসলে স্বাগত জানাবে জামায়াত।
জুলাই সনদ বিষয়ে তিনি বক্তব্যে বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে জামায়াত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল প্রস্তাব দিয়েছে-গণভোটের মাধ্যমে বিষয়টি বাস্তবায়ন করা উচিত। এনসিসির প্রস্তাব দ্রুত কার্যকর করে একটি আদেশের ভিত্তিতে গণভোট আয়োজন করতে হবে।’
জাতীয় নির্বাচনের আগে গণভোটই যথার্থ পদক্ষেপ উল্লেখ করে জামায়াতের এই নেতা বলেন, নভেম্বরের মধ্যেই গণভোট অনুষ্ঠিত হতে পারে।


