বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. ইউনুছ আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে এই রিটটি দায়ের করেন। রিট আবেদনে গত ১১ ডিসেম্বর নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত একই দিনে সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত চাওয়া হয়েছে।
রিটকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ তার আবেদনে জোরালো যুক্তি উপস্থাপন করে বলেন, বর্তমান সংবিধানে ‘অন্তর্বর্তীকালীন সরকার’ ব্যবস্থার কোনো উল্লেখ নেই। সাংবিধানিক ভিত্তি না থাকায় এই সরকারের অধীনে কোনো নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না। তিনি দাবি করেন, নির্বাচন হতে হবে তত্ত্বাবধায়ক সরকার অথবা নির্বাচিত কোনো সরকারের অধীনে। এই যুক্তিতে রিটে বর্তমান তফসিল বাতিল করে অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকার গঠনপূর্বক নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণার নির্দেশনা চাওয়া হয়েছে।
আইনজীবী ইউনুছ আলী আকন্দ আরও জানান, চলতি সপ্তাহেই বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি অনুষ্ঠিত হতে পারে। নির্বাচনের আগমুহূর্তে তফসিল ও সরকারের বৈধতা নিয়ে এমন রিট আইনি অঙ্গনে এবং রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
বাংলাফ্লো/এফআইআর






