বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: সিলেটসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলে সোমবার ভোররাতে মানুষের ঘুমের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পরপর দুবার ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) ভোর ৪টা ৪৭ মিনিট ৩৯ সেকেন্ডে প্রথম কম্পন এবং এর ঠিক ৩০ সেকেন্ড পর ভোর ৪টা ৪৭ মিনিট ৫২ সেকেন্ডে দ্বিতীয়বারের মতো শক্তিশালী কম্পনে কেঁপে ওঠে সিলেট ও ভারতের আসাম রাজ্য। কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ ইউএসজিএস-এর বরাতে নিশ্চিত করেছেন যে, প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ২ এবং দ্বিতীয়টির মাত্রা ছিল ৫ দশমিক ৪। ভূমিকম্প দুটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের রাজধানী গুয়াহাটির নিকটবর্তী মরিগাঁও এলাকায় এবং ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল প্রায় ৩৫ কিলোমিটার।
গবেষক মোস্তফা কামাল পলাশ সতর্ক করে জানিয়েছেন, ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পটি একটি মধ্যম মাত্রার কম্পন হওয়ায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বাংলাদেশের অভ্যন্তরে অথবা উত্তর ও পূর্বাঞ্চলের যেকোনো সক্রিয় ফল্ট লাইনে ‘আফটারশক’ বা পরবর্তী কম্পন অনুভূত হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। ভোররাতের এই জোড়া ভূমিকম্পে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়লেও এখন পর্যন্ত দেশের কোথাও কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
বাংলাফ্লো/এফআইআর






