বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: ভারত ও বাংলাদেশের মধ্যে চলমান রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েন দেশের অর্থ-বাণিজ্যে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না বলে আশ্বস্ত করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (৬ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। সম্প্রতি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে নিয়ে সৃষ্ট জটিলতাকে তিনি ‘দুঃখজনক’ হিসেবে অভিহিত করে বলেন, “এমন বিষয়ের শুরুটা কিন্তু আমরা করিনি।” তবে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, বর্তমান এই রাজনৈতিক অস্থিরতা দুই দেশের দীর্ঘদিনের অর্থনৈতিক সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করবে না। সমস্যা সমাধানে তিনি আলোচনার ওপর জোর দিয়ে বলেন, দুই দেশকে এক টেবিলে বসেই রাজনৈতিক ঝামেলার বিষয়গুলো মীমাংসা করতে হবে; এটি দ্বিপাক্ষিক সম্পর্কের স্থায়ী কোনো ক্ষতি করবে না।
বাংলাফ্লো/এফআইআর






