৫ হাজার চালকের রেজিস্ট্রেশন ও ১৫ হাজার নতুন সিএনজির দাবি
বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: দৈনিক জমা ৯০০ টাকা নির্ধারণ, চালকদের নামে ৫ হাজার সিএনজি অটোরিকশার রেজিস্ট্রেশন প্রদান এবং ঢাকার আয়তন অনুযায়ী অতিরিক্ত ১৫ হাজার নতুন সিএনজির অনুমোদনসহ ৬ দফা দাবিতে বিক্ষোভ করেছেন সিএনজি অটোরিকশা চালকরা। রবিবার (১৫ নভেম্বর) দুপুরে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ভবনের সামনে শান্তিপূর্ণ মানববন্ধন শেষে চালকরা বিআরটিএ চেয়ারম্যান বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
‘ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা চালক ঐক্য পরিষদে’র সদস্য সচিব গোলাপ হোসেন সিদ্দিকী গণমাধ্যমকে বলেন, “আমরা বিআরটিএ’র নিচে একটি শান্তিপূর্ণ মানববন্ধন করি। পরে দাবিগুলো বাস্তবায়নের জন্য একটি স্মারকলিপি বিআরটিএ চেয়ারম্যানকে দিয়ে আসি।”
সিএনজি চালকদের ৬ দফা দাবিগুলো হলো:
১. বিআরটিএ নির্ধারিত দৈনিক ৯০০ টাকা জমা (ভাড়া) কার্যকর করা।
২. ৫ হাজার সিএনজি অটোরিকশা চালকদের জন্য অবিলম্বে রেজিস্ট্রেশন (ব্লু-বুক) প্রদান।
৩. ঢাকা শহরের আয়তন অনুযায়ী অতিরিক্ত ১৫ হাজার সিএনজি অটোরিকশা চালকদের নামে নতুন অনুমোদন দেওয়া।
৪. আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ করা।
৫. চালকদের বৈধ ট্রেড ইউনিয়নের অধিকার নিশ্চিত করা (আইএলও কনভেনশন ৮৭ অনুযায়ী)।
৬. সড়ক পরিবহন আইন ২০১৮ ও বিধিমালা ২০২২–এর শ্রমিকস্বার্থবিরোধী ধারা ও বিধি বাতিল করা।
বাংলাফ্লো/এফআইআর






