লাইফ স্টাইল ডেস্ক
ঢাকা: পবিত্র রমজানে সাহরির সময় একটু ভাত-মাছ হলে যেন তৃপ্তি মেলে। ঘুম থেকে জেগে এমন কিছু খেতে মন চায়, যা সুস্বাদু হওয়ার পাশাপাশি সহজে হজমও হয়। সাহরির মেন্যুতে তাই অনায়াসেই রাখতে পারেন দেশি যেকোনো মাছের পদ। এর মধ্যে একটি দারুণ বিকল্প হতে পারে শোল মাছ। গরম ভাতের সঙ্গে শোল মাছের ভুনা সাহরির খাবারে নিয়ে আসবে বাড়তি তৃপ্তি।
চলুন জেনে নেওয়া যাক, সাহরির জন্য সুস্বাদু শোল মাছ ভুনার সহজ রেসিপি—
উপকরণ
বড় শোল মাছ: ১টি
টমেটো: ৪টি (কিউব করে কাটা)
পেঁয়াজ কুচি: দেড় কাপ
হলুদের গুঁড়া: ১ চা চামচ
মরিচের গুঁড়া: ৩ চা চামচ (বা স্বাদমতো)
রসুন বাটা: ১ চা চামচ
ধনিয়াপাতা কুচি: ১ টেবিল চামচ
লবণ ও তেল: পরিমাণ ও স্বাদমতো
প্রস্তুত প্রণালি
মাছ ভাজা: প্রথমে শোল মাছ কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন। এরপর মাছে সামান্য লবণ ও হলুদ মাখিয়ে তেলে হালকা করে ভেজে একটি পাত্রে তুলে রাখুন।
মসলা কষানো: চুলায় কড়াই বসিয়ে পরিমাণমতো তেল গরম করুন। তেল গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দিন। পেঁয়াজ নরম হয়ে এলে এতে রসুন বাটা, হলুদ ও মরিচের গুঁড়াসহ সব মসলা দিয়ে সামান্য পানি যোগ করে ভালোভাবে কষিয়ে নিন।
টমেটো যুক্ত করা: মসলা কষানো হয়ে গেলে এবং তেল ওপরে উঠে এলে তাতে আগে থেকে কিউব করে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিন।
মাছ রান্না: টমেটো কিছুটা গলে এলে ভেজে রাখা শোল মাছগুলো দিয়ে দিন। এরপর পরিমাণমতো গরম পানি দিয়ে পাত্রটি ঢেকে মাঝারি আঁচে ৮-১০ মিনিট রান্না করুন।
পরিবেশন: ঝোল টেনে গাঢ় হয়ে এলে ওপর দিয়ে ধনিয়াপাতা কুচি ছড়িয়ে দিয়ে চুলা থেকে নামিয়ে নিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন দারুণ স্বাদের শোল মাছ ভুনা!
বাংলাফ্লো/এফআইআর






