বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ‘নির্ভরযোগ্য মিত্র নয়’ হিসেবে অভিহিত করে দলটির সঙ্গে যেকোনো ধরনের রাজনৈতিক সমঝোতা বা জোটের তীব্র বিরোধিতা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। তার মতে, আদর্শিক ভিন্নতা ও অতীত কর্মকাণ্ড বিবেচনায় জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হলে এনসিপিকে ভবিষ্যতে কঠিন মূল্য চুকাতে হবে।
রোববার (২৮ ডিসেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি দলের নেতাকর্মীদের এই সতর্কবার্তা দেন।

সামান্তা শারমিন উল্লেখ করেন, জামায়াতের দায়িত্বশীল নেতারা ‘জুলাই স্পিরিট’-এর কথা বলে জোটের আহ্বান জানালেও এনসিপির রাষ্ট্রকল্প ও মূলনীতি জামায়াত থেকে সম্পূর্ণ আলাদা। এনসিপি ‘সেকেন্ড রিপাবলিক’, বিচার ও সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের দাবিতে গড়ে ওঠা দল। অন্যদিকে, জামায়াত নিম্নকক্ষে পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) ব্যবস্থার দাবি তুলে সংস্কার প্রক্রিয়াকে ব্যাহত করার চেষ্টা করেছিল বলে অভিযোগ করেন তিনি।
দলের পূর্ববর্তী সিদ্ধান্তের কথা স্মরণ করিয়ে দিয়ে সামান্তা বলেন, এনসিপির আহ্বায়ক আগেই স্পষ্ট করেছিলেন যে—যারা সংস্কারের পক্ষে নয়, তাদের সঙ্গে জোট সম্ভব নয়। সেই ঘোষণা অনুযায়ী জুলাই পদযাত্রার পর থেকে ৩০০ আসনে একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নেয় এনসিপি। তিনি জানান, স্বতন্ত্রভাবে নির্বাচন করার লক্ষ্যেই সারা দেশ থেকে প্রার্থীদের আহ্বান জানানো হয়েছিল।
জামায়াতের বিরোধিতা মানেই বিএনপির পক্ষে অবস্থান নেওয়া নয়—এমনটা স্পষ্ট করে তিনি বলেন, বিএনপি বা জামায়াত, যার সঙ্গেই জোট করা হোক না কেন, তা এনসিপির মৌলিক সাংগঠনিক ও রাজনৈতিক পলিসি থেকে সরে আসার শামিল। তিনি গত দেড় বছর ধরে এনসিপি যে স্বাধীন ও স্বতন্ত্র অবস্থান বজায় রেখেছে, সেটাকেই সঠিক বলে মনে করেন।
বাংলাফ্লো/এফআইআর






