বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: রাষ্ট্রের স্থিতিশীলতা বিনষ্টের ষড়যন্ত্র এবং নিষিদ্ধ সংগঠনকে পুনরুজ্জীবিত করার চেষ্টার অভিযোগে সাংবাদিক আনিস আলমগীর ও জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ চারজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে অভিযোগ দায়ের করা হয়েছে। একই রাতে জিজ্ঞাসাবাদের জন্য সাংবাদিক আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নেওয়া হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) রাতে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় এই অভিযোগ দায়ের করেন জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ।
অভিযোগে উল্লেখিত চারজন হলেন—সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওন, মারিয়া কিশপট্ট ও ইমতু রাতিশ ইমতিয়াজ।
থানায় দায়ের করা অভিযোগে বলা হয়, ২০২৪ সালের জুলাই মাসের গণঅভ্যুত্থান ও রাজনৈতিক পটপরিবর্তনের পরও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুসারীরা দেশে থেকে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। অভিযুক্তরা ৫ আগস্টের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন টেলিভিশন টকশোতে অংশ নিয়ে নিষিদ্ধ সংগঠন (ছাত্রলীগ ও যুবলীগ) এবং আওয়ামী লীগকে পুনর্বাসনের অপচেষ্টা চালাচ্ছে। তাদের এসব উসকানিমূলক বক্তব্যের কারণে নিষিদ্ধ সংগঠনের কর্মীরা সহিংসতা ও রাষ্ট্রবিরোধী কাজে লিপ্ত হচ্ছে।
উত্তরা পশ্চিম থানার ওসি কাজী মোহাম্মদ রফিক আহমেদ জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। যেহেতু এটি সাইবার রিলেটেড ইস্যু, তাই অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাই এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা পাওয়ার পর এটি মামলা হিসেবে নথিভুক্ত করা হবে।
এদিকে, রবিবার রাতে ধানমন্ডির একটি জিম থেকে বের হওয়ার পর সাংবাদিক আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। ডিবি প্রধান বিষয়টি নিশ্চিত করে জানান, তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত পরে জানানো হবে। জিমের ম্যানেজার জানান, আনিস আলমগীর ব্যায়াম শেষে রাত ৮টার দিকে বের হওয়ার পর তাকে হেফাজতে নেওয়া হয়।
উল্লেখ্য, সম্প্রতি বিভিন্ন টেলিভিশন টকশোতে দেওয়া বক্তব্যের কারণে সাংবাদিক আনিস আলমগীর বেশ আলোচনার জন্ম দিয়েছিলেন।
বাংলাফ্লো/এফআইআর






