সাভারে বাসে আগুনের হিড়িক, ২৪ ঘণ্টায় পুড়ল ৩টি
বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: সাভারে পার্কিং করে রাখা বাসে আগুন দেওয়ার ঘটনা অব্যাহত রয়েছে। শনিবার রাত ও রবিবার ভোরের পর, রবিবার (১৬ নভেম্বর) রাতেই আবার একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সর্বশেষ রাত ১১টার দিকে সাভারের বিরুলিয়া ইউনিয়নের বটতলা এলাকায় ‘আলিফ পরিবহন’-এর একটি বাসে আগুন দেওয়া হয়। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সাভার থানার বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল ওহাব গণমাধ্যমকে জানান, আলিফ পরিবহনের বাসটির চালক বিরুলিয়ার বটতলা এলাকায় বাসটি পার্কিং করে খাবার খেতে গিয়েছিলেন। ঠিক সেই সুযোগেই দুর্বৃত্তরা বাসে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা আগুন জ্বলতে দেখে ছুটে আসেন এবং আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে, এর আগেই বাসের বেশিরভাগ অংশ পুড়ে যায় বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
এই ঘটনাটি সাভার এলাকায় গত ২৪ ঘণ্টার মধ্যে তৃতীয় অগ্নিসংযোগের ঘটনা।
এর আগে, রবিবার (১৬ নভেম্বর) ভোর সাড়ে ৩টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়া এলাকায় ‘ইতিহাস’ পরিবহনের একটি পার্কিং করা বাসে আগুন দেওয়া হয়।
তার কয়েক ঘণ্টা আগে, শনিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে, একই মহাসড়কের গেন্ডা ইউটার্ন এলাকায় শ্রমিক পরিবহনের কাজে ব্যবহৃত আরেকটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
সাভারে একের পর এক বাসে অগ্নিসংযোগের ঘটনায় স্থানীয় পরিবহন মালিক ও শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বাংলাফ্লো/এফআইআর






