জাতীয় ডেস্ক
ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় প্রকাশ্যে চাপাতির ভয় দেখিয়ে ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সহকারী রাব্বি আল রাফসানের আইফোন ১৭ প্রো ম্যাক্স মডেলের মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে ইউল্যাব ক্যাম্পাসের পাশে জনতা বাজারের সামনে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী রাব্বি মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
শনিবার (২৮ নভেম্বর) রাতে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ তদন্ত ও জড়িতদের শনাক্তে কাজ শুরু করেছে। পুলিশের একটি সূত্র জানিয়েছে, স্থানীয় সংসদ সদস্যের ঘনিষ্ঠ সহকারীর মোবাইল ছিনতাইয়ের ঘটনায় পুলিশ কর্মকর্তারা বেশ চাপে রয়েছেন। ঘটনার পর ববি হাজ্জাজের পক্ষ থেকেও থানায় যোগাযোগ করা হয়েছে এবং এর পরপরই এলাকায় ছিনতাইবিরোধী অভিযান জোরদার করা হয়েছে।
ঘটনার বিবরণ দিয়ে মামলার বাদী ও ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের শিক্ষার্থী রাব্বি আল রাফসান জানান, শুক্রবার দুপুরে মাস্টার্সের ক্লাসে অংশ নিতে মোহাম্মদপুর তিন রাস্তার মোড় থেকে অটোরিকশায় করে ইউল্যাব ক্যাম্পাসে যাচ্ছিলেন তিনি। ক্যাম্পাসের কাছাকাছি পৌঁছালে আরেকটি অটোরিকশা সামনে এসে তাঁর রিকশার গতিরোধ করে এবং তাতে থাকা চারজন চাপাতি ঠেকিয়ে তাঁর কাঁধের ব্যাগ ও পকেট থেকে আইফোনটি ছিনিয়ে নেয়।
ছিনতাইকারীদের সঙ্গে জোরাজুরি করার একপর্যায়ে চাপাতির উল্টোপাশ দিয়ে তাঁকে কয়েকটি আঘাত করা হয়, এতে তাঁর ডান হাতে জখম হয় বলে জানান রাফসান। প্রাথমিক চিকিৎসা নিয়ে বর্তমানে তিনি বাসায় অবস্থান করছেন। তিনি আরও জানান, তিনি ববি হাজ্জাজের রাজনৈতিক দল এনডিএমের ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন এবং বিষয়টি প্রতিমন্ত্রীকেও অবগত করা হয়েছে।
বাংলাফ্লো/এম এইচ এইচ










