ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতলেও টি-টুয়েন্টি সিরিজের শুরুটা রাঙাতে পারল না বাংলাদেশ। টপ অর্ডারদের ব্যর্থতার পর লোয়ারঅর্ডারে কিছুটা লড়াই জমালেও জয় আনতে পারেনি বাংলাদেশ। ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে ১৬ রানে হার দেখেছে লিটন দাসের দল।
চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটোন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটে নামে ওয়েস্ট ইন্ডিজ। নির্ধারিত ওভার শেষে ৩ উইকেটে ১৬৫ রান তোলে তারা। জবাবে নেমে ১৯.৪ ওভারে ১৪৯ রানে থামে বাংলাদেশ।
রানতাড়ায় নেমে দ্বিতীয় ওভারে উইকেট হারায় বাংলাদেশ। তানজিদ তামিম ফিরে যান ৫ বলে ১৫ রান করে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে টিম টাইগার্স। ৭৭ রানে ৬ উইকেট হাররিয় চাপে পড়ে বাংলাদেশ। সপ্তম উইকেটে নাসুমকে নিয়ে ২৩ বলে ৪০ রানের জুটি গড়েন তানজিম সাকিব। ১৫.৫ ওভারে জেসন হোল্ডারের বলে রোস্টন চেজের হাতে ক্যাচ দিয়ে তানজিম ফিরলে জুটি ভাঙে। ৩ চার ও ১ ছক্কায় ২৭ বলে ৩৩ রান করেন।
১২৩ রানে নাসুমও ফিরে যান। এরপর তাসকিন ও মোস্তাফিজ লড়াইয়ে ফেরালেও ১৬ রানে হার দেখে বাংলাদেশ।
বাকি ব্যাটারদের মধ্যে তাওহীদ হৃদয় ২৫ বলে ২৮ রান করেন। নাসুমের ব্যাট থেকে আসে ১৩ বলে ২০ রান। মোস্তাফিজ ১১ রান এবং তাসকিন ১০ রান করেন।
ক্যারিবীয় বোলারদের মধ্যে জাডেন সিলেস ও জেসন হোল্ডার ৩টি উইকেট নেন। আকিল হোসেন নেন ২ উইকেট।
আগে ব্যাটে নেমে উদ্বোধনী জুটিতে ৫৯ রান তোলেন আলিক আথানজে ও ব্রেন্ডন কিং। ৮.২ ওভারে আথানজেকে ফিরিয়ে জুটি ভাঙেন রিশাদ হোসেন। ৪ চার ও ১ ছক্কায় ২৭ বলে ৩৪ রান করেন ক্যারিবীয় ওপেনার।
দ্বিতীয় উইকেটে বেন্ডন কিং ও শাই হোপ মিলে যোগ করেন ২৩ রান। ১৩তম ওভারে জোড়া শিকার করেন তাসকিন আহমেদ। ওভারের প্রথম বলে কিংকে ফেরানোর পর দ্বিতীয় বলে ফেরান শেরফান রাদারফোর্ডকে। ১ চার ও ২ ছক্কায় কিং ৩৬ বলে ৩৩ রান করেন, রাদারফোর্ড ফেরেন খালি হাতে।
চতুর্থ উইকেট জুটিতে রোভম্যান পাওয়েলকে নিয়ে ৪৬ বলে ৮৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে গড়ে ইনিংস শেষ করেন হোপ। ১ চার ও ৪ ছক্কায় ২৮ বলে ৪৬ রান করেন হোপ। পাওয়েল করেন ২৮ বলে ৪৪ রান, ছিল ১ চার ও ৪ ছক্কার মার।
বাংলাদেশ বোলারদের মধ্যে তাসকিন আহমেদ ২ উইকেট নেন। রিশাদ হোসেন নেন ১ উইকেট।


