প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, বিচার সম্পন্ন হওয়ার আগে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহন করতে পারবে না। তবে সমর্থকদের ভোট দিতে বাধা নেই। তারা ভোট না দিলে এর কোন প্রভাব পড়বে না।
আজ শনিবার (১৮ অক্টোবর) বিকেলে বরিশাল নগরীর সার্কিট হাউজের সভাকক্ষে বিভাগীয় প্রশাসন ও আঞ্চলিক নির্বাচন অফিসের আয়োজনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরিশাল বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
সিইসি বলেন, ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে।
সিইসি আরও বলেন, এর আগে একাধিকবার বলেছি, নির্বাচন কমিশনের তালিকায় না থাকায় শাপলা প্রতীক দেয়ার কোন সুযোগ নেই। বিগত সময়ের মত কোন গোয়েন্দা সংস্থা দ্বারা প্রভাবিত হবে না নির্বাচন কমিশন। নীতিমালায় নির্বাচনকালে সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাধাগ্রস্ত হয় তেমন কিছু রাখা হবে না বলেও জানান তিনি।
বরিশাল বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার।
সভায় বরিশাল রেঞ্জের ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, প্রতিটি জেলার পুলিশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা, র্যাব- ৮ এর অধিনায়ক, ডিজিএফআইয়ের কর্মকতা, সেনাবাহিনী, বিজিবি, কোস্টগার্ড, আনসার ও ভিডিপির কর্মকর্তাসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বরিশাল জেলা ও বিভাগের নির্বাচন কার্যলয়ের নির্বাচন কর্মকর্তা উপস্থিত ছিলেন।


