বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: ঢাকার আমিনবাজারের ল্যান্ডফিলে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পে কাজ করছে একটি চীনা কোম্পানি। প্রকল্পটি পূর্ণাঙ্গভাবে চালু হলে বর্জ্য থেকে উৎপাদিত ৪২ মেগাওয়াট বিদ্যুৎ আগামী ১৮ মাসের মধ্যে জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এ বিষয়ে সম্মতি দেন।
বৈঠক শেষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম সাংবাদিকদের জানান, আগামী দেড় বছরের মধ্যে তারা ময়লা-আবর্জনা থেকে বিদ্যুৎ উৎপাদন করে তা জাতীয় গ্রিডে সরবরাহ করবে। তিনি আরও বলেন, এই প্রকল্পের আনুষ্ঠানিক ত্রিপক্ষীয় অর্থায়ন চুক্তি আগামী ২ সেপ্টেম্বর চীনের বেইজিংয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে প্রকল্পটির বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে প্রাথমিক চুক্তি সম্পন্ন হয়েছে। চূড়ান্ত অর্থায়ন চুক্তিটি বিনিয়োগকারী ব্যাংক, চীনা কোম্পানি ও বাংলাদেশের সংশ্লিষ্ট পক্ষের মধ্যে স্বাক্ষরিত হবে।
বিদ্যুৎ প্রকল্পের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন নিয়েও আলোচনা হয়েছে এদিন। মীর শাহে আলম জানান, চট্টগ্রামের অর্থনৈতিক অঞ্চল এবং মোংলা বন্দর উন্নয়নেও চীনের গভীর আগ্রহ রয়েছে। মোংলা বন্দর উন্নয়নের পাশাপাশি চট্টগ্রাম বন্দরের সঙ্গে এর যোগাযোগ ও সংযোগ বাড়ানোর বিষয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে।
এছাড়া চীনের সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক সম্পর্ক আরও জোরদারের বিষয়েও আলোচনা হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, দুই দেশের রাজনৈতিক দলের মধ্যে পারস্পরিক সফর ও যোগাযোগ বাড়ানোর বিষয়ে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করেছে।
বাংলাফ্লো/এম এইচ এইচ












