বিনোদন ডেস্ক
ঢাকা: পর্দায় তিনি দোর্দণ্ড প্রতাপশালী ‘পুষ্পা’, কিন্তু বাস্তবে এখন আইনের কাঠগড়ায় দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। তার অভিনীত ব্লকবাস্টার সিনেমা ‘পুষ্পা ২: দ্য রুল’-এর প্রিমিয়ার শো চলাকালীন মর্মান্তিক পদদলনের ঘটনায় অভিনেতাসহ মোট ২৪ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে চার্জশিট গঠন করেছে হায়দরাবাদ পুলিশ। নামপল্লী আদালতের ৯ম অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (এসিজেএম)-এর কাছে এই নথি জমা দেওয়া হয়েছে।
পুলিশের তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। গত ২০২৪ সালের ৪ ডিসেম্বর হায়দরাবাদের আরটিসি এক্স রোডসের সন্ধ্যা থিয়েটারে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ চার্জশিটে উল্লেখ করেছে, এটি কোনো সাধারণ দুর্ঘটনা ছিল না বরং এটি ছিল চরম অবহেলা।
পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আগেই আল্লু অর্জুনকে ভিড়ের ঝুঁকি সম্পর্কে সতর্ক করা হয়েছিল। কিন্তু তিনি তা আমলে না নিয়ে এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কোনো সমন্বয় ছাড়াই থিয়েটারে উপস্থিত হন।
অভিনেতার ব্যক্তিগত বাউন্সারদের কিছু উগ্র আচরণ ও অঙ্গভঙ্গি উত্তেজিত জনতাকে আরও বেপরোয়া করে তোলে, যা বিশৃঙ্খলা সৃষ্টিতে ইন্ধন জোগায়।
থিয়েটার কর্তৃপক্ষ ভিআইপিদের জন্য আলাদা কোনো প্রবেশপথের ব্যবস্থা রাখেনি।
সেই রাতে প্রিয় তারকাকে একনজর দেখতে আসা হাজারো ভক্তের ভিড়ে পদদলিত হয়ে রেবতী (৩৫) নামের এক নারী প্রাণ হারান। তার শিশুসন্তান শ্রীতেজ গুরুতর আহত হয় এবং অক্সিজেন সংকটে ভোগার কারণে তার শরীরে দীর্ঘমেয়াদি জটিলতা তৈরি হয়েছে।
চার্জশিটে আল্লু অর্জুন ছাড়াও সন্ধ্যা থিয়েটারের মালিক, ব্যবস্থাপনা কমিটি, অভিনেতার ম্যানেজার এবং ৮ জন ব্যক্তিগত বাউন্সারের নাম রয়েছে। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৪-এ (অবহেলাজনিত মৃত্যু) এবং ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) একাধিক ধারায় মামলা করা হয়েছে। এর আগে ডিসেম্বরে অভিনেতা সাময়িক গ্রেপ্তার হয়ে জামিনে মুক্তি পেয়েছিলেন।
ভুক্তভোগী পরিবার ন্যায়বিচারের পাশাপাশি আহত শিশুর চিকিৎসার জন্য উপযুক্ত ক্ষতিপূরণ দাবি করছে। এই চার্জশিট দাখিলের মধ্য দিয়ে মামলাটি বিচারিক পর্যায়ে প্রবেশ করল, যা আল্লু অর্জুনের ক্যারিয়ারের জন্য বড় ধাক্কা।
বাংলাফ্লো/এফআইআর






