বিনোদন ডেস্ক
ঢাকা: জনপ্রিয় ছোট ও বড় পর্দার অভিনেতা তিনু করিম জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে মিডিয়া অঙ্গনে কাজ করা এই অভিনেতার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হওয়ায় তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। গত বুধবার (৩ ডিসেম্বর) হঠাৎ তাঁর রক্তচাপ ও সুগার লেভেল আশঙ্কাজনকভাবে কমে গেলে তাঁকে রাজধানীর একটি হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয় এবং পরবর্তীতে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
অভিনেতার স্ত্রী হুমায়রা নওশিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ৮ নভেম্বর বরিশালে গ্রামের বাড়িতে থাকাকালীন তিনু করিম হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা কমে গেলে ২৪ নভেম্বর তাঁকে দ্রুত ঢাকায় এনে হাসপাতালে ভর্তি করা হয়।
আইসিইউতে চিকিৎসার পর গত দুই দিন আগে তাঁর অবস্থার কিছুটা উন্নতি হলে তাঁকে কেবিনে স্থানান্তর করা হয়েছিল। কিন্তু বুধবার হঠাৎ করেই তাঁর রক্তচাপ ও সুগার লেভেল পড়ে যায় এবং তিনি জ্ঞান হারান। চিকিৎসকরা কালবিলম্ব না করে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়ার সিদ্ধান্ত নেন।
২০০১ সালে ‘স্বাক্ষর’ নাটকের মাধ্যমে অভিনয়ে আসা তিনু করিম গত দুই যুগ ধরে দর্শকদের মুগ্ধ করে আসছেন। ২০১০ সালে ‘অপেক্ষা’ চলচ্চিত্রের মাধ্যমে বড়পর্দায় অভিষেক ঘটে তাঁর। এ ছাড়া ‘রাত জাগা ফুল’, ‘আলতা বানু’-সহ অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে তিনি তাঁর অভিনয় দক্ষতা প্রমাণ করেছেন।
বাংলাফ্লো/এফআইআর






