বিনোদন ডেস্ক
ঢাকা: বলিউডের ভাইজান সালমান খানের পর এবার কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের কুনজরে পড়েছেন সুপারস্টার আমির খান। সম্প্রতি তৃতীয় বিয়ে করেছেন এই অভিনেতা। আর এরপরই তার বিরুদ্ধে তথাকথিত ‘লাভ জিহাদ’ প্রচারের অভিযোগ এনে প্রাণনাশের হুমকি দিয়েছে বিষ্ণোই গ্যাংয়ের সদস্যরা।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, লরেন্স বিষ্ণোইয়ের ভাই আরজু বিষ্ণোই এবং টাইসন বিষ্ণোই নামের আরেক ব্যক্তির পক্ষ থেকে সামাজিক মাধ্যমে এই হুমকি দেওয়া হয়েছে। পোস্টে তারা দাবি করেছে, আমির খান দেশে ‘লাভ জিহাদ’ প্রচার করছেন, যা তাদের সংস্কৃতি, দেশ এবং সনাতন ধর্মের পরিপন্থী। এই অভিনেতাকে আর সহ্য করা হবে না এবং এর জন্য তাকে শিগগিরই খারাপ পরিণতির মুখোমুখি হতে হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।
মুম্বাই পুলিশ সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়েছে, ফেসবুক ও একটি ভয়েস নোটের মাধ্যমে পাওয়া এই হুমকির তথ্য তারা যাচাই করে দেখছে। তবে আমির খান বা তার টিমের পক্ষ থেকে এখনও থানায় কোনো আনুষ্ঠানিক অভিযোগ করা হয়নি। অভিনেতার পক্ষ থেকে অভিযোগ পেলেই এ বিষয়ে মামলা করা হবে বলে জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, লরেন্স বিষ্ণোই গ্যাং দীর্ঘদিন ধরেই সালমান খানকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। ১৯৯৮ সালে ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার শুটিং চলাকালে কৃষ্ণসার হরিণ শিকারের ঘটনার জেরে তারা সালমানের ওপর ক্ষুব্ধ, কারণ বিষ্ণোই সম্প্রদায় এই হরিণকে পবিত্র মনে করে। এর আগে ২০২৪ সালের এপ্রিলে সালমানের মুম্বাইয়ের বাসভবনের বাইরে গুলিবর্ষণের ঘটনা এবং পরবর্তীতে সালমান খানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী বাবা সিদ্দিকী হত্যাকাণ্ডের পেছনেও এই গ্যাংয়ের সম্পৃক্ততা ছিল।
বাংলাফ্লো/এম এইচ এইচ












