জাতীয় ডেস্ক
ঢাকা: রাজধানীর মিরপুরের ডিওএইচএস এলাকা থেকে পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি ও বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলামের স্ত্রী এবং সাবেক অতিরিক্ত সচিব শায়লা ফারজানাকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই অভিযানে তাঁর দুই শ্যালককেও আটক করা হয়েছে। রোববার (২৯ নভেম্বর) সকালে ডিবিপ্রধান শফিকুল ইসলাম গণমাধ্যমকে এই আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিবি ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মিরপুর ডিওএইচএস এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও পরবর্তী আইনানুগ প্রক্রিয়া গ্রহণের প্রস্তুতি চলছে।
মামলার নথি ও অভিযোগ সূত্রে জানা যায়, দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা অবৈধ সম্পদ অর্জনের একটি মামলায় শায়লা ফারজানা তালিকাভুক্ত আসামি। পাশাপাশি পুলিশের এই সাবেক শীর্ষ কর্মকর্তার স্ত্রী হিসেবে তাঁর বিরুদ্ধে নতুন করে গুরুতর অভিযোগও উঠেছে।
অভিযোগ রয়েছে, পলাতক স্বামী মনিরুল ইসলামের নির্দেশনায় শায়লা ফারজানা দেশে সহিংসতা ও নাশকতার পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিলেন। ডিবিপ্রধানের নিশ্চিত করা তথ্যের পর এই আটকের ঘটনাটি প্রশাসনিক ও রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
বাংলাফ্লো/এম এইচ এইচ










