জেলা প্রতিনিধি
টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুরে গোবিন্দাসী ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান রঞ্জু মণ্ডলের বাড়ি থেকে সাড়ে সাত বস্তা বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোবিন্দাসী গ্রামে রঞ্জু মণ্ডলের নিজ বাড়িতে অভিযান চালিয়ে এসব মদ উদ্ধার করা হয় এবং মদ বহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ তিনজনকে আটক করা হয় বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা হলেন নাগরপুর সদর ইউনিয়নের বাবনাপাড়া গ্রামের রফিজ উদ্দিনের ছেলে ও প্রাইভেটকারের মালিক শামীম আহমেদ, দিনাজপুরের বিরল উপজেলার বেলতলী গ্রামের কলিম উদ্দিনের ছেলে গাড়িচালক নুর মোহাম্মদ ওরফে নুরু এবং ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়নের নলুয়া গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে ও থানা যুবদলের সদস্য শামীম আল মাসুম। এ ঘটনায় জহুরুল নামে অপর এক চালক পলাতক রয়েছেন বলে জানা গেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, আটক শামীম আহমেদের বাবা রফিজ উদ্দিন সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং শামীম আহমেদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে উল্লেখ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি সাদা প্রাইভেটকারে করে শামীম আল মাসুম রঞ্জু মণ্ডলের বাড়িতে প্রায় সাড়ে সাত বস্তা বিদেশি মদের বোতল নিয়ে আসেন। পরে বাড়ির একটি কক্ষে সোফার নিচে পাঁচ বস্তা, বাথরুমে দুই বস্তা এবং একটি টি-টেবিলের নিচে আধা বস্তা মদের বোতল লুকিয়ে রাখা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে ভূঞাপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রুবেল ও এসআই চঞ্চলের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে এসব মদ উদ্ধার করে। অভিযানকালে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম রেজাউল করিম উপস্থিত ছিলেন। ওসি এ কে এম রেজাউল করিম জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
বাংলাফ্লো/এম এইচ এইচ











