জেলা প্রতিনিধি
চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের কদমতলী এলাকায় ঢাকাগামী একটি মেইল ট্রেনের বগিতে দাহ্য পদার্থ ছুড়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বলে রেলওয়ে সূত্রে জানা গেছে। শনিবার (২৮ নভেম্বর) রাত ১১টার দিকে ট্রেনটি দেওয়ানহাট ইয়ার্ড থেকে চট্টগ্রাম রেলস্টেশনে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। তবে রেলওয়ে কর্মী ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের তাৎক্ষণিক তৎপরতায় মাত্র এক থেকে দুই মিনিটের মধ্যেই আগুন নিভিয়ে ফেলা সম্ভব হওয়ায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
রেলওয়ে সূত্র জানায়, ঘটনার সময় ট্রেনটিতে কোনো যাত্রী ছিলেন না। ট্রেনটি ইয়ার্ড থেকে স্টেশনে যাওয়ার পথে কদমতলী এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা একটি বগির জানালা দিয়ে দাহ্য পদার্থ ছুড়ে আগুন ধরিয়ে দেয়। আগুন ছড়িয়ে পড়ার আগেই রেলকর্মীরা তা দেখে দ্রুত নিয়ন্ত্রণে আনেন, ফলে বগির কেবল দুটি আসন সামান্য পুড়ে যায়।
চট্টগ্রাম রেলস্টেশনের মাস্টার আবু জাফর জানান, কদমতলী এলাকায় ট্রেনের একটি বগির জানালা দিয়ে দাহ্য পদার্থ ছুড়ে দুটি আসনে আগুন দেওয়া হলেও দু-এক মিনিটের মধ্যেই রেলওয়ের কর্মীরা তা নিভিয়ে ফেলেন। এ ঘটনার কারণে ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি এবং রাত পৌনে ১২টার দিকে ঢাকাগামী মেইল ট্রেনটি নির্ধারিত সময়েই চট্টগ্রাম রেলস্টেশন ছেড়ে যায়। খবর পেয়ে রেলওয়ে পুলিশের সদস্যরা স্টেশন এলাকায় ট্রেনটি পরিদর্শন করেন।
এদিকে রেলওয়ে পূর্ব জোনের (সদর) নিরাপত্তা বাহিনীর কমান্ড্যান্ট (অতিরিক্ত দায়িত্ব) মো. মোরশেদ আলম জানান, রাত ১১টার দিকে ঢাকাগামী মেইল ট্রেনে আগুন লাগানোর চেষ্টা করা হলে বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গেই নিরাপত্তা বাহিনীর সদস্যরা আগুন নেভান। এতে দুটি আসন সামান্য পুড়ে গেছে বলে উল্লেখ করে তিনি জানান, এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বাংলাফ্লো/এম এইচ এইচ












