জেলা প্রতিনিধি
নাটোর: নাটোর শহরের ভবানীগঞ্জ মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে ভোররাতে আগুন দেওয়ার ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) ভোর চারটার দিকে সংঘটিত এই ঘটনায় স্মৃতিস্তম্ভটির একাংশ পুড়ে কালো হয়ে গেছে বলে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে। এর প্রতিবাদে এবং ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবিতে শনিবার সকাল ১০টা ৪৫ মিনিটে ভবানীগঞ্জ মোড় থেকে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ভবানীগঞ্জ মোড়ে এসে প্রতিবাদ সভায় মিলিত হন। সভায় নাটোর জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম বলেন, ছাত্র-জনতার আন্দোলন ও আত্মত্যাগের স্মৃতিবিজড়িত এই স্তম্ভে আগুন দেওয়ার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। তিনি অগ্নিসংযোগ ও নাশকতায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় সতর্ক থাকার ও পাড়া-মহল্লায় নজরদারি বাড়ানোর আহ্বান জানান।
স্থানীয় ডিম ব্যবসায়ী আব্দুর রশিদ এবং চা দোকানি খোকন জানান, সকালে ঘুম থেকে উঠে ও দোকান খুলতে এসে তাঁরা স্মৃতিস্তম্ভটির একাংশ পুড়ে কালো হয়ে থাকতে দেখেন, তবে কে বা কারা এ কাজ করেছে তা তাঁরা দেখেননি। এ বিষয়ে নাটোর জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক আব্দুস সামাদ শিশির জানান, তিনি আগে এ বিষয়ে অবগত ছিলেন না এবং বিস্তারিত জেনে পরে মন্তব্য করতে পারবেন।
এদিকে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, রাতে পুলিশের টহল চললেও আগুন দেওয়ার পর দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যাওয়ায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি, তবে তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় আনা হবে। নাটোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আক্তার হামিদ খান জানান, সরকারি নম্বরে খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই টহলরত পুলিশের মাধ্যমে আগুন নিভে যাওয়ার তথ্য জানতে পেরে তাঁরা আর যাননি। বিক্ষোভ মিছিলে জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন এবং জেলা স্বেচ্ছাসেবক দলের পৌর আহ্বায়ক আমানত উল্লাহ আমান ও সদস্যসচিব সাব্বির ইসলাম চপলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাফ্লো/এম এইচ এইচ










