বিনোদন ডেস্ক
ঢাকা: বলিউডের কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবীর আকস্মিক মৃত্যুর প্রায় আট বছর পর সে সময়ের ঘটনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) নিযুক্ত ভারতের সাবেক রাষ্ট্রদূত নবদীপ সিং সুরি। ২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি দুবাইয়ের একটি হোটেলের বাথটাব থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধারের পর নানা জল্পনা ছড়িয়ে পড়েছিল।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নবদীপ সিং সুরি দাবি করেন, শ্রীদেবীর মৃত্যুর ঘটনায় কোনো ধরনের ষড়যন্ত্র বা অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়নি। মৃত্যুর সময় দুবাইয়ে ভারতীয় রাষ্ট্রদূতের দায়িত্বে থাকা সুরি মরদেহ দেশে ফেরানোর প্রক্রিয়ায় দুবাই প্রশাসন ও কাপুর পরিবারের মধ্যে সমন্বয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন।
তিনি জানান, সংবাদমাধ্যমে একের পর এক গুজব ছড়িয়ে পড়ায় দুবাই প্রশাসন নিয়ম মেনেই ময়নাতদন্ত করে, ভিসেরা নমুনা সংগ্রহ করে এবং শ্রীদেবীর স্বামী বনি কাপুরসহ সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করে।
সাক্ষাৎকারে ভারতীয় টেলিভিশন চ্যানেলগুলোর সংবাদ পরিবেশনের ধরন নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন সাবেক এই রাষ্ট্রদূত। তার মতে, এমন একটি মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে সংবাদমাধ্যমের একাংশ ‘কুৎসিত ও অস্বাভাবিক’ তামাশায় মেতে উঠেছিল এবং বিভ্রান্তি দূর করতে শেষ পর্যন্ত তাকেই প্রকাশ্যে বিবৃতি দিতে হয়েছিল।
আট বছর পেরিয়ে গেলেও ভারতীয় সংবাদমাধ্যম সেই ঘটনা থেকে কোনো শিক্ষা নেয়নি বলে আক্ষেপ প্রকাশ করেন নবদীপ সিং সুরি। দীর্ঘ সময় পর তার এই মন্তব্যে শ্রীদেবীর রহস্যজনক মৃত্যু ঘিরে পুরোনো আলোচনা আবারও নতুন করে সামনে এলো।
বাংলাফ্লো/এম এইচ এইচ









