বিনোদন ডেস্ক
ঢাকা: ‘স্ত্রী ২’ সিনেমার অভাবনীয় সাফল্যের পর বলিউডে নিজের অবস্থান আরও শক্ত করেছেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। এর সরাসরি প্রভাব পড়েছে তার পারিশ্রমিকেও; আসন্ন ‘ইথা’ সিনেমার জন্য নিজের পারিশ্রমিক এক লাফে দ্বিগুণেরও বেশি বাড়িয়েছেন বলে খবর পাওয়া গেছে।
ভারতীয় সংবাদমাধ্যমের বিভিন্ন সূত্রের দাবি অনুযায়ী, ‘ইথা’ সিনেমায় অভিনয়ের জন্য শ্রদ্ধা কাপুর ১৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। এর আগে প্রতি সিনেমার জন্য তিনি সাধারণত ৫ থেকে ৭ কোটি রুপি নিতেন, তবে ‘স্ত্রী ২’-এর পর নিজের দর বাড়িয়েছেন তিনি; যদিও এ বিষয়ে শ্রদ্ধা বা প্রযোজকের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করা হয়নি।
সিনেমাটির অন্যান্য অভিনয়শিল্পীদের মধ্যে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকা রণদীপ হুডা সাড়ে ৩ কোটি এবং নানা পাটেকর ২ কোটি রুপি নিয়েছেন বলে জানা গেছে। এ ছাড়া জিশান আইয়ুব ৮০ লাখ, সিদ্ধার্থ যাদব ৬০ লাখ, অনন্ত যোশী ৪০ লাখ, ইশতিয়াক খান ৩৫ লাখ এবং উলকা গুপ্ত ৩০ লাখ রুপি পারিশ্রমিক পেয়েছেন।
প্রখ্যাত মারাঠি লোকশিল্পী বিঠাবাঈ ভাঊ মাঙ্গ নারায়ণগাওকরের জীবন অবলম্বনে ‘ইথা’ নির্মাণ করছেন পরিচালক লক্ষ্মণ উটেকর। ম্যাডক ফিল্মসের প্রযোজনায় নির্মিত এই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন শ্রদ্ধা কাপুর।
বাংলাফ্লো/এম এইচ এইচ










