বিনোদন ডেস্ক
ঢাকা: র্যাম্পে হাঁটতে গিয়ে অসাবধানতাবশত পড়ে আহত হয়েছেন ঢালিউডের চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এই দুর্ঘটনা ঘটে, যার পর দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, অনুষ্ঠানে র্যাম্পে হাঁটা শুরু করার কিছুক্ষণ পরই হঠাৎ ভারসাম্য হারিয়ে পড়ে যান মিষ্টি জান্নাত। পরে উপস্থিত ব্যক্তিরা তাঁকে কোলে করে অনুষ্ঠানস্থলের বাইরে নিয়ে যান এবং সেখান থেকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
মিষ্টি জান্নাতের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়েছে, গত তিন দিন ধরে জ্বর ও বমিতে ভুগছিলেন তিনি এবং অসুস্থতা নিয়েই অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন। একপর্যায়ে মাথা ঘুরে পড়ে যাওয়ায় তাঁর পায়ের লিগামেন্টে গুরুতর আঘাত লাগে।
এদিকে দুর্ঘটনার খবর প্রকাশের ক্ষেত্রে সংবাদমাধ্যমকে বিতর্কিত শিরোনাম বা ক্যাপশন ব্যবহার না করার অনুরোধ জানিয়েছেন অভিনেত্রী। মিডিয়ার সবাইকে কাছের মানুষ উল্লেখ করে তিনি কোনো দলাদলি পছন্দ করেন না বলে জানান এবং পায়ের লিগামেন্টের আঘাত ও জ্বর থেকে দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
বাংলাফ্লো/এম এইচ এইচ











