শিক্ষা ডেস্ক
ঢাকা: দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তির অনলাইন আবেদন শুরু হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অধীনে এই আবেদন কার্যক্রম শুরু হয়। আগ্রহী শিক্ষার্থীরা আগামী ৩ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন এবং আগামী ১৮ ডিসেম্বর সকাল ১০টায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৫ ও ২০২৬ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদনের সুযোগ পাবেন, তবে ২০২৩ সালের আগে এসএসসি উত্তীর্ণরা আবেদন করতে পারবেন না। এসএসসি ও এইচএসসি মিলিয়ে মোট জিপিএ কমপক্ষে ৮ দশমিক ৫০ এবং এইচএসসিতে জীববিজ্ঞানে ন্যূনতম জিপিএ ৩ দশমিক ৫০ থাকতে হবে। ক্ষুদ্র নৃগোষ্ঠী ও পার্বত্য জেলার অ-উপজাতীয় প্রার্থীদের জন্য মোট জিপিএ ৮ এবং জীববিজ্ঞানে ৩ নির্ধারণ করা হয়েছে।
এবার দেশের সব সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে একই প্রশ্নপত্রে ১০০ নম্বরের এক ঘণ্টা ১৫ মিনিটের অভিন্ন ভর্তি পরীক্ষা হবে। পরীক্ষায় জীববিজ্ঞানে ৩০, রসায়নে ২৫, পদার্থবিজ্ঞানে ১৫, ইংরেজিতে ১৫ এবং সাধারণ জ্ঞান, পেশাগত প্রবণতা ও মানবিক গুণাবলিতে ১৫ নম্বর থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে এবং পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ৪০।
ভর্তি পরীক্ষার নম্বরের সঙ্গে এসএসসি জিপিএর আট গুণ ও এইচএসসি জিপিএর ১২ গুণ যোগ করে ২০০ নম্বরের ভিত্তিতে মেধাতালিকা তৈরি হবে। আবেদন ফি ১ হাজার টাকা টেলিটকের মাধ্যমে ৪ ডিসেম্বর পর্যন্ত জমা দেওয়া যাবে এবং ১৪ থেকে ১৭ ডিসেম্বর প্রবেশপত্র ডাউনলোড করা যাবে বলে জানিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।
বাংলাফ্লো/এম এইচ এইচ










