শিক্ষা ডেস্ক
ঢাকা: শিক্ষার্থীদের দাবি ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পঞ্চম সমাবর্তনের নিবন্ধন ফি কমানোর পাশাপাশি রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়িয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (২৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে।
নতুন আদেশ অনুযায়ী, সমাবর্তনের নিবন্ধনের সময়সীমা আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এ ছাড়া সাধারণ নিবন্ধন ফি সাড়ে ৪ হাজার টাকা থেকে কমিয়ে ৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে এবং ২০১৯-২০ ও ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য ফি ৩ হাজার ৫০০ টাকা করা হয়েছে।
এর আগে ১০ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়ে স্নাতক ও স্নাতকোত্তর নিবন্ধন ফি সাড়ে ৪ হাজার টাকা এবং সান্ধ্যকালীন কোর্সের ফি সাড়ে ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছিল। উচ্চ ফি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দিলে তারা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানান এবং উপাচার্যের কাছে স্মারকলিপি দেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন আরও জানিয়েছে, পূর্বনির্ধারিত ফি অনুযায়ী ইতোমধ্যে যারা নিবন্ধন সম্পন্ন করেছেন, তাদের জমা দেওয়া অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া হবে। সমাবর্তনে অতিথিরাও নির্ধারিত নিয়মে অংশ নিতে পারবেন বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।
বাংলাফ্লো/এম এইচ এইচ











