বিনোদন ডেস্ক
ঢাকা: হত্যার হুমকির অভিযোগে দায়ের করা মামলায় ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে আদালতে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছেন নারী উদ্যোক্তা ও ফ্যাশন ডিজাইনার সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরী। অন্যদিকে, নিজের বিরুদ্ধে আনা অভিযোগ ও সামাজিক মাধ্যমে ছড়ানো বক্তব্যের জেরে পাল্টা মানহানির মামলা করেছেন এই অভিনেত্রী।
সোমবার (২৩ নভেম্বর) ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. মাহবুব-উল-আলমের আদালতে সশরীরে উপস্থিত হয়ে তিশার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন জানান বাদী সানায়া আনাম। তাঁর আইনজীবী শুভ্র সিনহা রায় জানান, আদালত থেকে নোটিশ পাওয়ার পরও নির্ধারিত দিনে হাজির না হওয়ায় এ আবেদন করা হয়েছে; তবে বিচারক আগামী ১৪ ডিসেম্বর এ আবেদনের ওপর শুনানির দিন ধার্য করেছেন।
এর আগেই গত ৪ নভেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে পাল্টা মানহানির মামলা দায়ের করেন তানজিন তিশা। অভিনেত্রীর আইনজীবী মো. জসীমউদ্দীন জানান, মামলায় সানায়্যা আনাম ওয়াফিকাহকে এক নম্বর এবং ইনফ্লুয়েন্সার ফাতেমা তুজ জোহরাকে দুই নম্বর আসামি করা হয়েছে; বর্তমানে মামলাটি তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মামলায় অভিযোগ করা হয়েছে, একটি ভিডিওতে তানজিন তিশাকে ঘিরে মানহানিকর মন্তব্য ও মিথ্যা তথ্য উপস্থাপন করা হয়েছে। প্রসঙ্গত, গত বছরের ২৭ নভেম্বর প্রতারণা ও পরে হুমকির অভিযোগে তিশার বিরুদ্ধে মামলা করেছিলেন সানায়া আনাম, যা বর্তমানে সিআইডি তদন্ত করছে; তবে চলমান আইনি বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি তানজিন তিশা।
বাংলাফ্লো/এম এইচ এইচ









