জেলা প্রতিনিধি
পাবনা: পাবনার বেড়া উপজেলায় টানা তিন দিন ধরে দফায় দফায় সংঘর্ষের ঘটনার জেরে বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকারকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) রাতে পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ এ তথ্য নিশ্চিত করে জানান, নতুন দায়িত্ব হিসেবে পাবনা সদর সার্কেল অফিসের ইন্সপেক্টর গোলাম মোস্তফাকে রাতেই দায়িত্ব বুঝে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বেড়া মডেল থানার সামনে বিক্ষোভ মিছিল বের করলে এবং বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা পাল্টা মিছিল করলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। ওই সময় সাবেক ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সাবেক সংসদ সদস্য শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়িতে থাকা খড়ের পালায় আগুন দেওয়ার ঘটনাও ঘটে।
বৃহস্পতিবারের ওই ঘটনার পর থেকেই বেড়া পৌর এলাকার বৃশালিখাসহ আশপাশের এলাকায় দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে থেমে থেমে সংঘর্ষ চলতে থাকে। এর ধারাবাহিকতায় শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বৃশালিখা এলাকায় উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পুরো এলাকায় থমথমে পরিস্থিতি তৈরি হয়।
পুলিশ সুপার আবু আশ্রাফ জানান, সংঘর্ষে আহতদের বিষয়ে শোনা গেলেও এখন পর্যন্ত তাদের বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে এবং বর্তমানে এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
বাংলাফ্লো/এম এইচ এইচ










