বিনোদন ডেস্ক
ঢাকা: বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের ব্যক্তিগত দেহরক্ষী বা বডিগার্ড হিসেবে একসময় দায়িত্ব পালন করেছিলেন বডিবিল্ডার ও অভিনেতা কেতন কারান্দে। তবে বেশি দিন সেই চাকরিতে টিকে থাকতে পারেননি তিনি। প্রায় দুই দশক পর সম্প্রতি এক সাক্ষাৎকারে কেতন বিস্ফোরক দাবি করে জানিয়েছেন, মূলত সালমান খানের কারণেই ঐশ্বরিয়ার বডিগার্ডের চাকরি ছেড়ে দিয়েছিলেন তিনি।
‘আর্ট মিডিয়া এন্টারটেইনমেন্ট’ নামের একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে কেতন জানান, প্রায় ২০ বছর আগে যখন ঐশ্বরিয়া ‘কুছ না কাহো’ সিনেমার শুটিং করছিলেন, তখন অভিনেত্রীর নিরাপত্তার দায়িত্বে নিয়োগ পেয়েছিলেন তিনি। তার মূল কাজ ছিল বাসা থেকে গাড়িতে করে ঐশ্বরিয়াকে নিরাপদে শুটিং সেটে নিয়ে যাওয়া এবং ফেরত আনা।
সাক্ষাৎকারে নিজের ভয়ংকর অভিজ্ঞতার একটি ঘটনার কথা তুলে ধরে কেতন জানান, একবার ঐশ্বরিয়াকে নিয়ে নির্মাতা বিক্রম ভাটের একটি অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। অনুষ্ঠান শেষে গাড়িতে ফেরার পথে হঠাৎ সামনে সালমান খানকে দেখতে পান তারা। এতে গাড়ির ভেতরে থাকা সবাই আতঙ্কিত হয়ে পড়েন এবং চালক দ্রুত অন্য পথে গাড়ি ঘুরিয়ে সালমানকে পাশ কাটিয়ে চলে যান।
কেতনের দাবি, এই ঘটনার পরদিনই তিনি ঐশ্বরিয়ার বডিগার্ডের চাকরি থেকে ইস্তফা দেন। তার ভাষ্য অনুযায়ী, তিনি জানতে পেরেছিলেন যে সালমান খানের কাছে আগ্নেয়াস্ত্র ছিল। এমন পরিস্থিতিতে কোনো ধরনের সহিংসতার মধ্যে জড়াতে কিংবা দুই তারকার ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনের মাঝখানে থাকতে চাননি তিনি।
উল্লেখ্য, ১৯৯৯ সালে সঞ্জয় লীলা বানসালির ‘হাম দিল দে চুকে সানাম’ সিনেমায় কাজ করতে গিয়ে সালমান ও ঐশ্বরিয়ার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, যা ২০০২ সালে তিক্ততার মধ্য দিয়ে ভেঙে যায়। পরে ‘চালতে চালতে’ সিনেমার শুটিং সেটে সালমানের উপস্থিতিকে কেন্দ্র করে ঐশ্বরিয়াকে বাদ দিয়ে রানি মুখার্জিকে নেওয়া হয়েছিল বলে গণমাধ্যমে খবর আসে। পরবর্তীতে ২০০৭ সালে অভিষেক বচ্চনকে বিয়ে করেন ঐশ্বরিয়া এবং তাদের একমাত্র মেয়ে আরাধ্যা।
বাংলাফ্লো/এম এইচ এইচ












