শিক্ষা ডেস্ক
ঢাকা: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ২০২৬ সালের এইচএসসিসহ বিভিন্ন প্রোগ্রামের পরীক্ষায় শৃঙ্খলা ভঙ্গ ও অসদুপায় অবলম্বনের দায়ে ৫৯ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পাশাপাশি পরীক্ষাসংক্রান্ত দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে দুই শিক্ষকের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে উপাচার্যের কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত শৃঙ্খলা কমিটির ৫৬তম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধিবিধান অনুযায়ী অভিযুক্ত শিক্ষার্থীদের বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। এতে কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমান, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, বিভিন্ন স্কুলের ডিন, অ্যাডভোকেট মো. কামাল হোসেন তালুকদার এবং কমিটির সদস্য-সচিব ও পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. হাবিবুল্যাহ মাহামুদ।
বাউবি কর্তৃপক্ষ জানিয়েছে, নকলমুক্ত, সুশৃঙ্খল ও স্বচ্ছ পরিবেশে পরীক্ষা গ্রহণে বিশ্ববিদ্যালয় বদ্ধপরিকর। এ লক্ষ্য বাস্তবায়নে পরীক্ষায় শৃঙ্খলা ভঙ্গ ও অসদুপায় অবলম্বনের বিরুদ্ধে প্রচলিত বিধিবিধান অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া অব্যাহত থাকবে।
বাংলাফ্লো/এম এইচ এইচ











