জাতীয় ডেস্ক
ঢাকা: রাজধানীর নগরবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং গণপরিবহনসহ যানবাহনের সুরক্ষায় ঢাকা মহানগরজুড়ে ব্যাপক ও জোরালো নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশপথ, প্রধান প্রধান সড়ক এবং অপরাধপ্রবণ এলাকাগুলোতে বিশেষ চেকপোস্ট বসানোর পাশাপাশি বাড়ানো হয়েছে সার্বক্ষণিক পুলিশি টহল ও গোয়েন্দা নজরদারি। বুধবার (১১ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ডিএমপির বিভিন্ন অপরাধ বিভাগ, ট্রাফিক বিভাগ এবং বিশেষায়িত ইউনিটগুলোর যৌথ সমন্বয়ে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এ নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর আওতায় সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে কড়া তল্লাশি চালানো হচ্ছে। বিশেষ করে মোটরসাইকেল, প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার প্রয়োজনীয় কাগজপত্র যাচাই এবং সন্দেহজনক গতিবিধির ওপর তীক্ষ্ণ নজর রাখছেন দায়িত্বরত পুলিশ সদস্যরা।
ডিএমপির ডিসি (মিডিয়া) মো. আকতার হোসেন জানান, নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা নির্বিঘ্ন রাখতে ছিনতাই, চুরি, ডাকাতি ও নাশকতামূলক অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও জনসমাগমস্থলগুলোতে দৃশ্যমান পুলিশের উপস্থিতি জোরদার করা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত অপরাধ সংঘটনের আগেই তা প্রতিরোধ করতে এবং নগরবাসীর নিরাপদ চলাচল নিশ্চিত করতে দিন-রাত চব্বিশ ঘণ্টা ডিএমপির এ তৎপরতা অব্যাহত রয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে নগরীর সড়কে চলাচলরত যাত্রীবাহী যানবাহন, পরিবহন শ্রমিক ও চালকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রেও পুলিশ বিশেষ গুরুত্ব দিচ্ছে। রাজধানীর শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং যেকোনো নাশকতা ঠেকাতে প্রতিটি জোনের ডিসিসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরাসরি মাঠপর্যায়ে উপস্থিত থেকে তদারকির নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণ মানুষের জানমাল রক্ষায় ডিএমপি সর্বোচ্চ সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করছে এবং এ ধরনের নিরাপত্তামূলক অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
বাংলাফ্লো/এম এইচ এইচ









