আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের নিকটবর্তী সমৃদ্ধ শহর সেওংনামের বুন্দাং জেলায় এক ভয়াবহ ও মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। সকালে ব্যস্ত সময়ে একটি নিয়ন্ত্রণহীন যাত্রীবাহী বাসের লাগাতার ধাক্কায় সিগন্যালে অপেক্ষারত প্রাইভেটকার, বাস ও ট্রাকসহ মোট ৩২টি যানবাহন দুমড়েমুচড়ে গেছে। এই আকস্মিক ও ধ্বংসাত্মক দুর্ঘটনায় অন্তত ৫৭ জন যাত্রী ও পথচারী গুরুতর আহত হয়েছেন।
দমকল বিভাগ ও স্থানীয় উদ্ধারকারী সংস্থা জানিয়েছে, সকাল সাড়ে সাতটার দিকে দ্রুতগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনের সারিতে থাকা চারটি গণপরিবহন বাস, একটি মালবাহী ট্রাক এবং একে একে ২৭টি ব্যক্তিগত গাড়িকে প্রচণ্ডভাবে ধাক্কা দেয়। এরপর গাড়িগুলোকে পিষে দিয়ে বাসটি সড়কের মাঝের কংক্রিট ডিভাইডারের ওপর আছড়ে পড়ে দুমড়েমুচড়ে যায়।
আহত ৫৭ জনের মধ্যে ৯ জনের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। দুর্ঘটনার পর দ্রুত ঘটনাস্থলে ৩৩টি জরুরি অ্যাম্বুলেন্স ও প্রায় ৯০ জন উদ্ধারকর্মী মোতায়েন করা হয়। উদ্ধারকারী দল তাৎক্ষণিকভাবে সড়কের পাশে একটি অস্থায়ী ফিল্ড ক্লিনিক স্থাপন করে প্রাথমিক চিকিৎসা শেষে রোগীদের শহরের বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করে।
স্থানীয় সম্প্রচারমাধ্যম এসবিএস জানিয়েছে, দুর্ঘটনায় আহত বাসচালককেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। যান্ত্রিক ত্রুটি নাকি চালকের শারীরিক অসুস্থতা বা অসতর্কতা এর জন্য দায়ী, তা খতিয়ে দেখতে বাসটির ব্ল্যাক বক্স ডাটা এবং সড়কের ক্লোজড সার্কিট (সিসিটিভি) ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করছে পুলিশ। ভয়াবহ এই দুর্ঘটনায় পুরো এলাকাটিতে কয়েক ঘণ্টা যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে।
বাংলাফ্লো/এম এইচ এইচ










