শিক্ষা ডেস্ক
ঢাকা: এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্মূল্যায়ন এবং সম্পূরক পরীক্ষার কারণে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নিলেও পূর্বঘোষিত সূচিতেই অনড় অবস্থান গ্রহণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন। ফলে ঢাবির ভর্তি পরীক্ষা পেছাচ্ছে না এবং পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী ডিসেম্বর মাসেই এ পরীক্ষা শুরু হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, কমিশনের সঙ্গে উপাচার্যদের বৈঠকে ভর্তি পরীক্ষা পিছিয়ে জানুয়ারি-ফেব্রুয়ারিতে নেওয়ার সিদ্ধান্ত হলেও ঢাবি প্রশাসন নিজস্ব স্বকীয়তা ও সেশনজট এড়াতে আগের সময়সূচি বহাল রাখার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে, ভর্তি পরীক্ষা পেছালে দীর্ঘমেয়াদে একাডেমিক ক্যালেন্ডারে মারাত্মক প্রভাব পড়বে।
পূর্বঘোষিত সূচি অনুযায়ী, আগামী ৫ ডিসেম্বর আইবিএ ইউনিটের মধ্য দিয়ে ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে। এরপর ১২ ডিসেম্বর বিজ্ঞান ইউনিট, ১৯ ডিসেম্বর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ২২ ডিসেম্বর চারুকলা ইউনিট (সাধারণ জ্ঞান ও অঙ্কন) এবং ২৬ ডিসেম্বর ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা গ্রহণ করা হবে।
ঢাবি প্রশাসন আরও জানিয়েছে, এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণে যাদের ফলাফল পরিবর্তন হয়ে আবেদনের যোগ্য হবে, তাদের জন্য অতিরিক্ত দুই দিন আবেদনের সুযোগ রাখা হবে। ফলে মেধার ভিত্তিতে পরীক্ষায় অংশ নেওয়া থেকে কোনো যোগ্য শিক্ষার্থী বঞ্চিত হবে না।
বাংলাফ্লো/এম এইচ এইচ











