আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: “পৃথিবীর শেষ সময় ঘনিয়ে এসেছে, বাঁচার একমাত্র পথ স্বর্গে যাওয়া; আর স্বর্গে যেতে হলে পরিবারসহ অনাহারে থাকতে হবে”—এমন অন্ধ ও চরমপন্থী বিশ্বাস চাপিয়ে দিয়ে ১৯০ শিশুসহ মোট ১৯১ জন নিরীহ মানুষকে অনাহারে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার লোমহর্ষক ঘটনায় কেনিয়ার বিতর্কিত ধর্মগুরু পল ম্যাকেঞ্জিকে ২০০ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। শুক্রবার (৬ নভেম্বর) কেনিয়ার উপকূলীয় শহর মোম্বাসার একটি উচ্চ আদালত এ ঐতিহাসিক ও দৃষ্টান্তমূলক সাজা ঘোষণা করেন।
এর আগে মাত্র দুই সপ্তাহ আগেই ব্যাপক বিচারিক প্রক্রিয়া শেষে ১৯১ জনকে পরিকল্পিতভাবে হত্যার দায়ে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। আদালতের রায়ে অনুসারীদের অনাহারে রেখে তিলে তিলে হত্যার দায়ে ১০০ বছর এবং সরাসরি নৃশংস হত্যাকাণ্ডের দায়ে আরও ১০০ বছর—সর্বমোট ২০০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয় এই প্রলয়বাদী ধর্মগুরুকে।
রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আদালতে প্রমাণ উপস্থাপন করে জানান, পল ম্যাকেঞ্জি তাঁর পরিচালিত ‘গুড নিউজ ইন্টারন্যাশনাল চার্চ’-এর মাধ্যমে একটি অন্ধ খ্রিস্টান ধর্মীয় চরমপন্থী গোষ্ঠী গড়ে তোলেন। তিনি অনুসারীদের বোঝাতেন, পৃথিবী সম্পূর্ণ ধ্বংস হয়ে যাওয়ার আগেই স্বর্গে পৌঁছাতে হলে নিজেদের ও সন্তানদের কঠোর অনাহারে মৃত্যুবরণ করতে হবে। এই বিকৃত নির্দেশ কার্যকর করতে তাঁর সশস্ত্র ক্যাডার বাহিনী অনুসারীদের ওপর অকথ্য শারীরিক নির্যাতন ও ভয়ভীতি চালাত এবং অনাহার থেকে সরে আসতে চাইলে তাদের নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হতো।
২০১৯ সালে তৎকালীন কেনিয়া সরকার তাঁর বিতর্কিত চার্চটি বন্ধ করে দিলে ম্যাকেঞ্জি তাঁর শত শত অন্ধ অনুসারীকে নিয়ে দুর্গম শাকাহোলা গভীর বনে আস্তানা গাড়েন। সেখানে তিনি শিশুদের স্কুলে পাঠানো এবং গুরুতর অসুস্থ হলে আধুনিক হাসপাতালে চিকিৎসা নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ করেন এবং সেগুলোকে ‘শয়তানের প্রতিষ্ঠান’ বলে ঘোষণা দেন। পরবর্তীতে ২০২৩ সালে পুলিশের কাছে গোপন তথ্য পৌঁছালে ম্যাকেঞ্জিকে গ্রেপ্তার করা হয় এবং দক্ষিণ-পূর্ব কেনিয়ার শাকাহোলা বনে ব্যাপক তল্লাশি চালিয়ে অগভীর গণকবর ও গর্ত থেকে একের পর এক ৪০০টিরও বেশি গলিত মরদেহ উদ্ধার করা হয়, যার মধ্যে বহু মানুষকে জীবন্ত কবর দেওয়ার লোমহর্ষক প্রমাণ মেলে।
বাংলাফ্লো/এম এইচ এইচ











