বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: তৃণমূল পর্যায়ে গ্রামীণ নিরাপত্তা নিশ্চিতকারী গ্রামপুলিশ সদস্যদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করে তাদের মাসিক বেতন ও অবসরকালীন আনুতোষিক একযোগে বৃদ্ধির বড় ঘোষণা দিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। সাধারণ গ্রামপুলিশ সদস্যদের মাসিক বেতন ৭ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার ৫০০ টাকা এবং গ্রামপুলিশ প্রধানের (দফাদার) মাসিক বেতন ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত গ্রামপুলিশের বর্ণাঢ্য মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এই ঘোষণা দেন। একই সঙ্গে তিনি সাধারণ গ্রামপুলিশ সদস্যদের অবসরকালীন আনুতোষিক ৭০ হাজার টাকার পরিবর্তে ৮০ হাজার টাকা এবং গ্রামপুলিশ প্রধানদের ক্ষেত্রে ৮০ হাজার টাকার পরিবর্তে এক লাখ টাকা নির্ধারণের কথা জানান। প্রধানমন্ত্রী স্পষ্ট করেন, ঐতিহাসিক ৭ নভেম্বর থেকেই সরকারের এই যুগান্তকারী সিদ্ধান্ত কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, দেশের প্রতিটি ইউনিয়ন ও গ্রামের তৃণমূল মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে গ্রামপুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃণমূল পর্যায়ে কোথায় কী ঘটছে, কারা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াচ্ছে কিংবা কোথাও বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা হচ্ছে কি না—সে বিষয়ে গ্রামপুলিশ সদস্যরা সবার আগেই তথ্য পান। এসব তথ্য স্থানীয় প্রশাসন ও থানা পুলিশকে দ্রুত অবহিত করে অপরাধ দমনে তাৎক্ষণিক ভূমিকা রাখতে তাদের প্রতি আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী আরও যোগ করেন, নগরায়ণ বাড়লেও দেশের অধিকাংশ মানুষের নাড়ির টান ও মূল ভিত্তি গ্রামকেন্দ্রিক। অতীত শাসনামলে সামাজিক অবক্ষয় ও গোষ্ঠীগত প্রতিহিংসা উসকে দিয়ে গ্রামীণ মূল্যবোধ নষ্ট করা হয়েছিল। শুধু আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে এ পরিস্থিতি বদলানো সম্ভব নয়; সামাজিক সম্প্রীতি ও সৌহার্দ্য ফেরাতে গ্রামপুলিশকে প্রশাসনের অগ্রদূত হিসেবে কার্যকর ভূমিকা পালন করতে হবে।
বাংলাফ্লো/এম এইচ এইচ










