বিনোদন ডেস্ক
ঢাকা: বলিউড পাড়ায় তিন বছরের বেশি সময় ধরে চলা বহুল আলোচিত প্রেমের সম্পর্কের ইতি টানলেন সাইফ আলি খানের পুত্র ইব্রাহিম আলি খান এবং অভিনেত্রী শ্বেতা তিওয়ারির কন্যা পলক তিওয়ারি। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক বিশেষ প্রতিবেদনে তাদের এই বিচ্ছেদের খবর প্রকাশ্যে এসেছে।
প্রতিবেদনে জানানো হয়েছে, কোনো তিক্ততা বা বিবাদ নয়, বরং পারস্পরিক বোঝাপড়া ও বন্ধুত্বপূর্ণভাবেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই তরুণ তারকা জুটি। বিচ্ছেদের চূড়ান্ত সিদ্ধান্তটি নাকি ইব্রাহিম নিজেই নিয়েছেন এবং এ বিষয়ে কোনো পক্ষই প্রকাশ্যে কোনো কাদা ছোড়াছুড়ি করতে রাজি নন।
ঘনিষ্ঠ সূত্রের দাবি, ব্যক্তিগত সম্পর্ক ভেঙে যাওয়ায় তাদের পেশাগত কাজেও এর নেতিবাচক প্রভাব পড়েছে। একসঙ্গে তাদের বেশ কয়েকটি ফ্যাশন ও বিজ্ঞাপনী ফটোশুটের পরিকল্পনা থাকলেও সেগুলোর কিছু বাতিল করা হয়েছে এবং বাকিগুলো অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে। বর্তমানে দুজনই ব্যক্তিগত জীবন ভুলে নিজেদের অভিনয় ক্যারিয়ারে পূর্ণ মনোযোগ দিতে চান।
উল্লেখ্য, ২০২২ সালে মুম্বাইয়ের এক অভিজাত রেস্তোরাঁ থেকে বের হওয়ার সময় প্রথম ক্যামেরাবন্দি হন পলক ও ইব্রাহিম। পাপারাজ্জিদের ক্যামেরা দেখে পলকের মুখ লুকানোর দৃশ্য তখন সামাজিক মাধ্যমে তীব্র আলোড়ন তোলে। এরপর বিভিন্ন পার্টি ও ছুটি কাটানোর সময়ে তাদের ঘনিষ্ঠ উপস্থিতি সম্পর্কের গুঞ্জনকে পোক্ত করলেও আনুষ্ঠানিকভাবে তারা কখনো তা স্বীকার করেননি।
বাংলাফ্লো/এম এইচ এইচ









