স্পোর্টস ডেস্ক
ঢাকা: বাংলাদেশের ওপেনার সাদমান ইসলামের সেঞ্চুরি ও ব্যাটিং দৃঢ়তায় ঢাকা টেস্টের প্রথম দিনটি স্বাগতিকদের নিয়ন্ত্রণে থাকলেও দ্বিতীয় দিনের শুরুতেই ঘুরে দাঁড়ায় সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। মাত্র ৫৯ রানে বাংলাদেশের শেষ ৭টি উইকেট তুলে নিয়ে নিজেদের প্রথম ইনিংসে ৪ উইকেটে ১৩৪ রান তুলে দিন শেষ করেছে ক্যারিবীয়রা।
আলোকস্বল্পতা ও বৃষ্টির কারণে দ্বিতীয় দিনের খেলা কিছুটা আগেভাগেই শেষ ঘোষণা করা হয়। এরপর সংবাদ সম্মেলনে এসে ম্যাচের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন সফরকারীদের হয়ে ঝড়ো ফিফটি হাঁকানো ব্যাটার জন ক্যাম্পবেল।
বিরতির আগে ও পরের ব্যাটিং কন্ডিশন নিয়ে বাঁহাতি এই ওপেনার বলেন, “হ্যাঁ, কিছুটা ভিন্নতা তো ছিলই। বিরতির পর আলো কিছুটা কমেছে বলে মনে হয়েছে। বিরতির আগে বেশ ভালো আলো ছিল। বিরতির পর বাংলাদেশি বোলাররাও বেশ ভালো বল করেছে, যা তাদের পক্ষে গেছে।”
দ্বিতীয় দিন শেষে ম্যাচে কারা এগিয়ে—এমন প্রশ্নের জবাবে ক্যাম্পবেল বলেন, “আমার মনে হয় এখন দুই দলই একই জায়গায় দাঁড়িয়ে আছে। কাল যদি বড় দু-একটা জুটি বাঁধতে পারি, তাহলেই আমরা এগিয়ে যেতে পারব। পরের দিন আমাদের এটাই মূল চেষ্টা থাকবে।”
ছক্কা হাঁকিয়ে হাফসেঞ্চুরি পূর্ণ করা ক্যাম্পবেল নিজের আক্রমণাত্মক ব্যাটিং নিয়ে বলেন, “উইকেট নিয়ে অতিরিক্ত চিন্তা করতে চাইনি। বল দেখে দেখে নিজের জোনে পেলে হিট করার চেষ্টা করেছি। আমাদের ব্যাটারদের ভালো সামর্থ্য রয়েছে। কিছু কার্যকর ৫০ রানের পার্টনারশিপ গড়তে পারলে আমরা বড় লিড নিতে পারব।”
বাংলাফ্লো/এম এইচ এইচ










