বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল ৪টা ৩৫ মিনিটে উত্তরার ১৮ নম্বর সেক্টরের রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের কেন্দ্রীয় জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে দাফনের জন্য উত্তরার ১২ নম্বর সেক্টরের কবরস্থানে নেওয়া হয়।
তাহসিফ সৌরির বাবা এ কে এম এনায়েতুল করিম হেলাল ছেলের দাফনের বিষয়টি নিশ্চিত করেছেন। জানাজায় পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের পাশাপাশি স্থানীয় মুসল্লিরা অংশ নেন।
এর আগে বুধবার বিকেলে গাজীপুরের টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা তুরাগ নদ থেকে তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার করেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। পরে স্বজনরা মরদেহ উত্তরার বাসভবনে নিয়ে যান।
টঙ্গী নৌ-পুলিশের প্রস্তুতকৃত সুরতহাল প্রতিবেদনে তাহসিফ সৌরির শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে উল্লেখ রয়েছে। তবে তার নাক দিয়ে রক্ত বের হওয়া এবং পেট ফোলা থাকার তথ্য উল্লেখ করা হয়েছে। ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।
বাংলাফ্লো/এম এইচ এইচ












