বিনোদন ডেস্ক
ঢাকা: ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা জান্নাতুল ফেরদৌস ঐশীর নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একাধিক ভুয়া প্রোফাইল খুলে সাধারণ ভক্ত ও সহকর্মীদের সঙ্গে অনৈতিক যোগাযোগের অভিযোগ উঠেছে। বিষয়টি নজরে আসার পর ভক্তদের প্রতারণার ফাঁদ থেকে সতর্ক থাকতে নিজের ভেরিফায়েড পেজ থেকে জরুরি বার্তা দিয়েছেন এই অভিনেত্রী।
ঐশী জানান, একটি সংঘবদ্ধ প্রতারক চক্র তাঁর নাম ও ছবি হুবহু নকল করে ক্লোন আইডি তৈরি করেছে এবং বিভিন্ন ব্যক্তির কাছে উপহার, কাজের প্রস্তাব এমনকি আর্থিক লেনদেনের বিভ্রান্তিকর মেসেজ পাঠাচ্ছে। তিনি স্পষ্ট করেছেন যে, ফেসবুকের নীল টিকযুক্ত ভেরিফায়েড পেজ ছাড়া তাঁর অন্য কোনো ব্যক্তিগত প্রোফাইল বা অ্যাকাউন্ট নেই।
অননুমোদিত এসব ভুয়া অ্যাকাউন্টের কারণে তাঁর সামাজিক ও পেশাগত মর্যাদা মারাত্মকভাবে ক্ষুণ্ণ হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। ইতিমধ্যেই এসব অ্যাকাউন্টের ইউআরএল ও স্ক্রিনশট সংগ্রহ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম ইউনিটে আনুষ্ঠানিক অভিযোগ দায়েরের প্রক্রিয়া শুরু করেছেন অভিনেত্রী।
ভক্তদের প্রতি আহ্বান জানিয়ে ঐশী বলেন, ‘কোনো ভুয়া আইডির মেসেজ পেয়ে কেউ যেন কোনো প্রকার আর্থিক লেনদেন বা ব্যক্তিগত তথ্য আদান-প্রদান না করেন।’
বাংলাফ্লো/এম এইচ এইচ











