বিনোদন ডেস্ক ঢাকা: হিন্দি সিনেমার কিংবদন্তি চিত্রনাট্যকার সেলিম খানের ৯১তম জন্মদিনে ভালোবাসা ও শ্রদ্ধায় সিক্ত করেছেন তাঁর বড় ছেলে বলিউড মেগাস্টার সালমান খান। বাবাকে অদম্য শক্তির প্রতীক আখ্যা দিয়ে বিশেষ জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ভাইজান।
সামাজিক মাধ্যমে একই রকম কাউবয় হ্যাট পরে বাবার সঙ্গে একটি চমৎকার ছবি প্রকাশ করে সালমান খান লিখেছেন, “৯১ বছরেও অনন্য তিনি। বাপ তো বাপই হয়! তিনিই হলেন আসল মনস্টার (একচ্ছত্র শক্তির প্রতীক)। আমাদের সব বাবার মধ্যেই লুকিয়ে রয়েছে অসীম শক্তি।” জাভেদ আখতারের সঙ্গে জুটি বেঁধে ‘জাঞ্জির’, ‘দিওয়ার’ ও ‘শোলে’র মতো কালজয়ী চলচ্চিত্র উপহার দেওয়া সেলিম খানের অনন্য অবদানের কথা স্মরণ করে সালমান পৃথিবীর সব বাবার প্রতি শ্রদ্ধা জানান। এছাড়া সম্প্রতি এক সাক্ষাৎকারে ভাইজান নিজেও ভবিষ্যতের কোনো এক সময়ে সন্তান গ্রহণের ইচ্ছার কথা ব্যক্ত করেছিলেন।
বাংলাফ্লো/এম এইচ এইচ











