বিনোদন ডেস্ক
ঢাকা: দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা দম্পতি বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা তাঁদের বহুল প্রতীক্ষিত নতুন সিনেমা ‘রণবলী’ মুক্তির প্রাক্কালে একে অপরের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। শুক্রবার পাঁচটি ভাষায় প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাওয়া এই সিনেমাটি তাঁদের বিয়ের পর প্রথম যৌথ কাজ।
সম্প্রতি সিনেমাটির প্রচারণা অনুষ্ঠানে স্ত্রীকে নিজের ‘সবচেয়ে প্রিয় সহ-অভিনেত্রী’ আখ্যা দিয়ে বিজয় দেবেরাকোন্ডা বলেন, “জয়ম্মা চরিত্রের জন্য রাশমিকাকে নির্বাচন নিয়ে আমাদের কোনো সংশয় ছিল না। কারণ ওর মতো নিষ্ঠা নিয়ে এই চরিত্রে আর কেউ রূপ দিতে পারত না।” তিনি আরও যোগ করেন, “এটা আমাদের একসঙ্গে করা তিন নম্বর কাজ। বিগত বছরগুলোতে ও মানুষ ও অভিনেত্রী হিসেবে বিস্ময়কর উন্নতি করেছে। কাজের প্রতি ওর এক অদ্ভুত জেদ রয়েছে, যেন রোবটের মতো বিরামহীন কাজ করে যায়। ওর সঙ্গে কাজ করলে নিজের বাড়িতে থাকার মতো স্বস্তি পাই।” ‘গীত গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’-এর পর ‘রণবলী’তে এই সফল জুটির রসায়ন দেখতে উন্মুখ ভক্তরা।
বাংলাফ্লো/এম এইচ এইচ












