বিনোদন ডেস্ক ঢাকা: ১৯৮৯ সালের সুপারহিট সিনেমা ‘ম্যায়নে পেয়ার কিয়া’ দেখে বলিউড ভাইজান সালমান খানের একনিষ্ঠ ভক্ত হয়ে উঠেছিলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী মেহবুবা মাহনূর চাঁদনী। শৈশব থেকেই যাঁর ছবি পড়ার টেবিল ও দরজায় টাঙিয়ে রাখতেন, অবশেষে সেই স্বপ্নের নায়কের সঙ্গে বহু বছর আগের তোলা দুটি দুর্লভ ছবি নিজের ফেসবুক আইডিতে প্রকাশ করেছেন তিনি।
স্মৃতি রোমন্থন করে চাঁদনী জানান, নব্বইয়ের দশকের শেষের দিকে ঢাকায় একটি আয়োজনে অংশ নিতে এসে তৎকালীন শেরাটন হোটেলে (বর্তমান ইন্টারকন্টিনেন্টাল) অবস্থান করছিলেন সালমান খান। নানা কৌশলে মায়ের সঙ্গে প্রিয় নায়কের হোটেল কক্ষে প্রবেশ করতে সক্ষম হন স্কুলপড়ুয়া চাঁদনী। সালমান খানের পাশে দাঁড়িয়ে হাত ধরে ছবি তোলার পাশাপাশি অটোগ্রাফও নেন তিনি, যেখানে সালমান লিখেছিলেন— ‘চাঁদনী, ফর ইয়োর সালমান’। শৈশবের পাগলামির কথা তুলে ধরে চাঁদনী বলেন, “আমি দেখা হওয়ার পুরোটা সময় তাঁর হাত ধরে ছিলাম। পরে বাসায় এসে সাত দিন সেই হাতই ধুইনি! এটা আসলে একজন কিশোরী ভক্তের পাগলামি ছিল।” ফেসবুকে ছবিগুলো প্রকাশ পাওয়ার পর ভক্তদের মাঝে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে।
বাংলাফ্লো/এম এইচ এইচ











