বিনোদন ডেস্ক ঢাকা: নির্মাতা কামাল হোসেন বাবরের বিরুদ্ধে অপেশাদার আচরণ ও দায়িত্বহীনতার অভিযোগ তুলে নির্মাণাধীন সিনেমা ‘ভায়োলেন্স’ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন চিত্রনায়িকা অধরা খান। রোববার (১১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ এক পোস্টের মাধ্যমে সিনেমাটিতে কাজ না করার সিদ্ধান্ত জানান এই অভিনেত্রী। কানাডায় শুটিংয়ের পরিকল্পনা থাকা এই সিনেমাটিতে অভিনেতা জায়েদ খানেরও অভিনয়ের কথা রয়েছে।
অধরা খান জানান, সিনেমাটির জন্য দীর্ঘ সময় ধরে শিডিউল বরাদ্দ রাখলেও নির্মাতার পক্ষ থেকে কোনো সঠিক পরিকল্পনা বা পেশাদারিত্ব পাওয়া যায়নি। একাধিকবার শুটিংয়ের তারিখ পরিবর্তন এবং ভিসা ও লজিস্টিক সংক্রান্ত বিষয়ে গড়িমসি করায় তিনি চরম মানসিক ও পেশাগত ক্ষতির মুখে পড়েছেন। তাঁর দাবি, এই প্রজেক্টের কারণে তিনি অন্য ভালো কাজের প্রস্তাবও ফিরিয়ে দিতে বাধ্য হয়েছিলেন।
এ বিষয়ে অধরা খান স্পষ্ট করেন যে, কাজের ক্ষেত্রে শৃঙ্খলা ও পারস্পরিক সম্মান থাকা অত্যন্ত জরুরি। পরিচালকের অপেশাদার কার্যকলাপে আস্থা হারিয়ে ফেলায় তিনি সিনেমাটির সঙ্গে সব ধরনের চুক্তি ও সংশ্লিষ্টতা বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। বিষয়টি নিয়ে চলচ্চিত্র অঙ্গনে বেশ আলোচনা সৃষ্টি হয়েছে।
বাংলাফ্লো/এম এইচ এইচ












