বিনোদন ডেস্ক ঢাকা: ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ওমরাহ হজ পালন করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। সম্প্রতি সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় গিয়ে ধর্মীয় এই আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তিনি। ওমরাহ পালনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশ করে নিজের আত্মিক অনুভূতির কথা ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন এই অভিনেত্রী।
পবিত্র কাবা শরিফের সামনে কালো বোরখা পরিহিত অবস্থায় দাঁড়িয়ে থাকার একটি আবেগঘন ভিডিও শেয়ার করে ক্যাপশনে কেয়া পায়েল লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন।’ কাবার সামনে দাঁড়িয়ে এই ধর্মীয় সফরকে জীবনের সবচেয়ে অর্থপূর্ণ ও বিশেষ মুহূর্ত হিসেবে তুলে ধরেছেন তিনি।
এদিকে পোস্টের মন্তব্যের ঘরে নেতিবাচক ও কটূক্তিমূলক মন্তব্যকারীদের উদ্দেশে কড়া বার্তা দিয়েছেন অভিনেত্রী। তিনি স্পষ্ট ভাষায় লেখেন, ‘কেউ বাজে মন্তব্য করে নিজের নিচু মানসিকতার পরিচয় দেবেন না। আপনার মন্তব্য আপনার রুচি, ব্যক্তিত্ব ও মানসিকতারই প্রতিফলন ঘটায়। তাই অন্যকে ছোট করার আগে নিজের মানসিকতার দিকে একটু নজর দিন।’ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া তার এই বার্তা ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের প্রশংসা কুড়িয়েছে।
বাংলাফ্লো/এম এইচ এইচ










