বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: নেদারল্যান্ডসের একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ওয়েবসাইট নকল করে অনলাইনে লোভনীয় পার্টটাইম চাকরির প্রলোভনে এক ব্যবসায়ীর কাছ থেকে ২৪ লাখ ১৯ হাজার ১৯৯ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সংঘবদ্ধ সাইবার প্রতারক চক্রের এক নারী সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
গ্রেপ্তার তরুণীর নাম প্রীয়ন্তী সরকার চিত্রা (২২)। গত ৮ অক্টোবর রাতে রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সিআইডি। শনিবার (১০ অক্টোবর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো. ছুফি উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
সিআইডি জানায়, ২০২৫ সালের আগস্টে টেলিগ্রামের মাধ্যমে ভুক্তভোগী এক ব্যবসায়ীকে অনলাইনে পার্টটাইম কাজের প্রস্তাব দেয় চক্রটি। সেখানে নকল ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন পর্যটনকেন্দ্রের ইতিবাচক রেটিং ও রিভিউ দেওয়ার বিনিময়ে দৈনিক ৮০০ থেকে ২ হাজার ৫০০ টাকা আয়ের লোভ দেখানো হয়। প্রাথমিক পর্যায়ে কয়েক দফায় সামান্য পারিশ্রমিক দিয়ে বিশ্বাস অর্জন করার পর তাকে একটি বিশেষ ইনভেস্টমেন্ট গ্রুপে যুক্ত করা হয়। সেখানে আকর্ষণীয় মুনাফার প্রলোভনে ফেলে বিভিন্ন ধাপে মোট ২৪ লাখ ১৯ হাজার ১৯৯ টাকা হাতিয়ে নেয় চক্রটি। তদন্তে অর্থ লেনদেনে গ্রেপ্তার প্রীয়ন্তীর এমএফএস অ্যাকাউন্টের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এ মামলায় জড়িত অন্য আসামিদের আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে।
বাংলাফ্লো/এম এইচ এইচ












