আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে রাজনৈতিক দল ককরোচ জনতা পার্টির (সিজেপি) পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে ভারতের রাজধানী নয়াদিল্লিজুড়ে ব্যাপক ধরপাকড় শুরু করেছে পুলিশ। এ ঘটনায় ভারতের জনপ্রিয় ইউটিউবার ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ধ্রুব রাঠিসহ অন্তত এক হাজার বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টার দিকে দিল্লির ঐতিহাসিক যন্তর মন্তরে এই বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছিল সিজেপি। সেই সমাবেশে অংশ নেওয়ার কথা ছিল ধ্রুব রাঠির। তবে শনিবার ভোরে দিল্লি সংলগ্ন গুরুগ্রাম এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। এছাড়া নিরাপত্তা ব্যারিকেড ভেঙে যন্তর মন্তরে প্রবেশের চেষ্টার অভিযোগে কনট প্লেস থেকেও প্রায় দেড় শতাধিক আন্দোলনকারীকে আটক করা হয়। এর আগে শুক্রবার রাতভর দিল্লি ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে আরও প্রায় ১ হাজার জনকে আটক করে পুলিশ।
বিক্ষোভ ঠেকাতে যন্তর মন্তর এলাকায় ৭ স্তরের কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলেছে দিল্লি পুলিশ। রাজধানীতে মোতায়েন করা হয়েছে ২৫ হাজারেরও বেশি পুলিশ সদস্য ও কেন্দ্রীয় বাহিনী এবং তিন শতাধিক নজরদারি ক্যামেরা। আটক ব্যক্তিদের রাখতে শহরের বিভিন্ন পয়েন্টে ১২টি অস্থায়ী বন্দিশিবির তৈরি করা হয়েছে। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১৬৩ ধারা জারি করে সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। সিজেপির শীর্ষ সংগঠক অভিজিৎ দীপকে সরকারের এমন দমনপীড়নের তীব্র সমালোচনা করে বলেছেন, প্রতিবাদ শুরু হওয়ার আগেই দিল্লিকে অবরুদ্ধ করে দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজের ভয় ও পরাজয় স্বীকার করে নিয়েছেন।
বাংলাফ্লো/এম এইচ এইচ












