বিনোদন ডেস্ক
ঢাকা: জনপ্রিয় রিয়্যালিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’র সেটে দুর্ঘটনার পর নতুন করে শারীরিক জটিলতার মুখে পড়েছেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। সম্প্রতি নিজের ব্যক্তিগত ব্লগে রাতের বেলা তীব্র শারীরিক অস্বস্তি ও শ্বাসকষ্টের সমস্যার কথা ভক্তদের কাছে প্রকাশ করেছেন তিনি।
নিজের ব্লগে বিগ বি জানান, শুটিং সেটের দুর্ঘটনার ধকল এখনও পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি তিনি। বিশেষ করে রাতের বেলা শরীরের ব্যথা এবং শ্বাসকষ্টের মতো সমস্যা তাকে বেশ ভোগাচ্ছে। তবুও কাজের প্রতি অবিচল থেকে নিয়মিত শুটিং চালিয়ে যাচ্ছেন তিনি। ভক্তদের ভালোবাসা ও শুভকামনার জন্য কৃতজ্ঞতা জানিয়ে তিনি লেখেন, বয়সের ভার ও পুরোনো আঘাতের কারণে শরীর মাঝে মাঝে বাধা দিলেও মনের জোরেই তিনি কাজ করে চলেছেন।
উল্লেখ্য, ৮৩ বছর বয়সেও নিয়মিত ক্যামেরার সামনে দাঁড়িয়ে নতুন চমক দেখিয়ে যাচ্ছেন অমিতাভ। তবে বারবার সেটে চোট ও অসুস্থতার খবরে তার কোটি কোটি ভক্তের মনে তৈরি হয়েছে গভীর উদ্বেগ।
বাংলাফ্লো/এম এইচ এইচ












