বিনোদন ডেস্ক
ঢাকা: কোটি টাকার চেক বাউন্স (ডিজঅনার) মামলায় বলিউড অভিনেতা রাজপাল যাদবকে কড়া ভাষায় ভর্ৎসনা করেছেন ভারতের সুপ্রিম কোর্ট। আদালতের নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট সময়ে বকেয়া ঋণ পরিশোধ না করায় ক্ষোভ প্রকাশ করে বিচারপতি জয়মাল্য বাগচী মন্তব্য করেছেন, ‘জেলই আপনার জন্য যোগ্য জায়গা।’
জানা গেছে, ২০১০ সালে ‘আতা পাতা লাপাতা’ সিনেমা নির্মাণের জন্য দিল্লির ‘মুরালি প্রজেক্টস’ নামের একটি প্রতিষ্ঠানের কাছ থেকে ৫ কোটি রুপি ঋণ নিয়েছিলেন রাজপাল যাদব। কিন্তু সিনেমাটি ব্যবসায়িকভাবে ব্যর্থ হওয়ায় তিনি সেই ঋণ পরিশোধ করতে ব্যর্থ হন। পরবর্তীতে পাওনাদার প্রতিষ্ঠান আদালতের দ্বারস্থ হয়। গত ৯ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট রাজপালকে ৫ অক্টোবরের মধ্যে বকেয়া অর্থ জমা দেওয়ার নির্দেশ দেন। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও পুরো অর্থ জমা না দিয়ে অভিনেতার আইনজীবী মাত্র ৫০ লাখ রুপির একটি ড্রাফট পেশ করেন।
এতে চরম অসন্তোষ প্রকাশ করে আদালত জানান, পাওনাদারদের সঙ্গে বারবার চুক্তি ভঙ্গ করে অভিনেতা তাদের আর্থিক ক্ষতি করেছেন। অভিনেতার আচরণে ক্ষোভ প্রকাশ করে সংশ্লিষ্ট বেঞ্চ সাফ জানিয়ে দেন, আদালতের নির্দেশ অমান্য করার পরিণতি হবে কারাগার।
বাংলাফ্লো/এম এইচ এইচ












