আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভার শীর্ষ সদস্য, গোয়েন্দা প্রধান ও সেনাবাহিনীর শীর্ষ জেনারেলরা কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই ক্যাম্প ডেভিডে এক অত্যন্ত ‘অস্বাভাবিক’ ও গোপন বৈঠকে মিলিত হয়েছেন। শুক্রবার আয়োজিত এই রুদ্ধদ্বার বৈঠকে মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধ ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে পরবর্তী রণকৌশল নিয়ে গভীর আলোচনা হয়েছে বলে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস জানিয়েছে।
প্রেসিডেন্টের অবকাশযাপন কেন্দ্র ক্যাম্প ডেভিডের এই বৈঠকের সভাপতিত্ব করেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। এতে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পেটে হেগসেথ, সিআইএ পরিচালক জন রেটক্লিফ, হোয়াইট হাউজের বিশেষ দূত স্টিভ উইটকোফ এবং সেনাপ্রধান জেনারেল ডেন কেইন অংশ নেন। সরকারিভাবে কোনো ঘোষণা ছাড়া এমন শীর্ষস্থানীয় কর্মকর্তাদের গোপন বৈঠককে বিরল ঘটনা হিসেবে দেখা হচ্ছে।
এক কূটনৈতিক কর্মকর্তা ইঙ্গিত দিয়েছেন, এই বৈঠকে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে কোনো সুনির্দিষ্ট ও চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়ে থাকতে পারে। সম্প্রতি তেহরানের সঙ্গে আলোচনা ভেস্তে যাওয়ায় ট্রাম্প কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘হয় ইরান চুক্তি করবে, নয়তো তাদের অস্তিত্ব বিলীন হবে।’ একই সময়ে সৌদি আরবও হুথিদের বিরুদ্ধে চূড়ান্ত সামরিক পদক্ষেপ নেওয়ার জন্য ওয়াশিংটনের ওপর চাপ বাড়াচ্ছে।
বাংলাফ্লো/এম এইচ এইচ












