বিনোদন ডেস্ক
ঢাকা: ওপার বাংলার সুপারস্টার দেব নিজের পরিচালিত প্রথম অ্যাকশন-রোমান্টিক সিনেমা ‘দেশু ৭’ নিয়ে দারুণ প্রত্যাশায় রয়েছেন। আগামী ১৬ অক্টোবর দুর্গাপূজার আবহে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাওয়া এই সিনেমা দিয়ে বক্স অফিসের সব রেকর্ড ভাঙার লক্ষ্য তার। তবে মুক্তির আগেই ছবির প্রচারণা চালাতে গিয়ে অতিরিক্ত ‘অতি-রোম্যান্স’ ও ঘনিষ্ঠ আচরণের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক কটাক্ষ ও ট্রোলের মুখে পড়েছেন এই তারকা অভিনেতা ও পরিচালক।
বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে সাবেক প্রেমিকা ও সিনেমার নায়িকা শুভশ্রী গাঙ্গুলি এবং বাংলাদেশি সিনেমার জনপ্রিয় মুখ ইধিকা পালের সঙ্গে দেবের প্রচারকালীন আচরণ। বিভিন্ন প্রচার অনুষ্ঠানে ক্যামেরার সামনে শুভশ্রীর হাতে বারবার চুমু খাওয়া, ইধিকার সঙ্গে অতি-ঘনিষ্ঠতা প্রদর্শন কিংবা অন্তরঙ্গ পোজ দেওয়াকে নেটিজেনদের বড় একটি অংশ ভালো চোখে দেখছেন না। অনেকেই একে নিছক ‘সিনেমার টিকিট বিক্রির সস্তা ন্যাকামো’ আখ্যা দিয়ে প্রশ্ন তুলেছেন, প্রচারণার নামে কেন বাস্তব জীবনের নৈতিকতার সীমা অতিক্রম করা হচ্ছে? এমনকি সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ তাদের এই অতি-রসায়নকে কটাক্ষ করে ‘পরকীয়ার প্রদর্শন’ বলেও কড়া মন্তব্য ছুড়ে দিয়েছেন।
উল্লেখ্য, ২০০৯ সালে ‘চ্যালেঞ্জ’ সিনেমা দিয়ে দেব ও শুভশ্রীর অন-স্ক্রিন জুটির তুমুল সাফল্য এবং বাস্তব প্রেমের সূচনা হয়েছিল। পরবর্তীতে প্রেম ভাঙার পর দীর্ঘদিন তাদের মাঝে দূরত্ব থাকলেও প্রায় এক দশক পর নতুন সিনেমা ‘দেশু ৭’-এ আবারও জুটি বেঁধেছেন তারা। তবে বাস্তব জীবনে শুভশ্রী নির্মাতা রাজ চক্রবর্তীর সঙ্গে সংসার করছেন এবং অন্যদিকে দেব অভিনেত্রী রুক্মিণী মৈত্রের সঙ্গে সম্পর্কে রয়েছেন। বাস্তব জীবনের এমন সম্পর্কের সমীকরণকে পাশ কাটিয়ে পর্দায় সাবেক জুটির এমন বিতর্কিত প্রচারকৌশল নিয়ে টলিউডপ্রেমীদের মাঝে এখন তুমুল বিতর্ক চলছে।
বাংলাফ্লো/এম এইচ এইচ












