বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা:
ঢাকার সংঘবদ্ধ শিশু পাচার ও জোরপূর্বক ভিক্ষাবৃত্তি চক্রের নির্মম নির্যাতনের শিকার হয়ে ডান পা হারানো চট্টগ্রামের লোহাগাড়ার ১২ বছর বয়সি শিশু মো. রায়হানের আজীবন চিকিৎসা, পড়াশোনা ও সামাজিক পুনর্বাসনের পূর্ণ দায়িত্ব গ্রহণ করেছে স্থানীয় উপজেলা প্রশাসন। নিখোঁজ হওয়ার দীর্ঘ সাত মাস পর সম্প্রতি পরিবারে ফেরা এই শিশুর পাশে দাঁড়িয়ে এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে প্রশাসন।
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বায়েজীদ-বিন-আখন্দ জানান, সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে শিশু রায়হানের জন্য আজীবন প্রতিবন্ধী ভাতার কার্ড, চলাচলের সুবিধার্থে একটি আধুনিক ট্রাইসাইকেল এবং ১৮ বছর বয়স পর্যন্ত প্রাতিষ্ঠানিক শিক্ষার যাবতীয় খরচ বহন করবে উপজেলা প্রশাসন। এছাড়া রায়হানকে পঙ্গু করে ভিক্ষাবৃত্তিতে বাধ্য করা সেই পাচারকারী চক্রকে দ্রুত চিহ্নিত করে কঠোর আইনের আওতায় আনতে পুলিশ প্রশাসনকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। প্রশাসনের এই তাৎক্ষণিক হস্তক্ষেপে চরম অসহায়ত্বে থাকা হতদরিদ্র পরিবারটির মাঝে নতুন করে আশার আলো ফিরে এসেছে।
বাংলাফ্লো/এম এইচ এইচ












